নতুন প্রজন্মের হাতেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: আরিফুল হক
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিলেট নগরীতে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, “নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বের মাধ্যমেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে উঠবে।”
মঙ্গলবার (১৪ এপ্রিল) সিলেট নগরীর ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ এবং শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি’ ও ‘আনন্দলোক’ আয়োজিত পৃথক বর্ষবরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আরিফুল হক চৌধুরী বলেন, “পয়লা বৈশাখ শুধু উৎসব নয়, এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সম্প্রীতির প্রতিফলন। এ উৎসবকে ঘিরে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে শিল্পী, সংস্কৃতিকর্মী ও আয়োজকদের যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা জরুরি।”
তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সীমিত সম্পদ ও ব্যক্তিগত উদ্যোগে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার অভাবে এ অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গন দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পিছিয়ে রয়েছে।
মন্ত্রী জানান, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং সিলেটের জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে দ্রুত একটি আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখা সাংস্কৃতিক চর্চা এবং শিশু-কিশোরদের প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।
নববর্ষের শুভক্ষণে সবাইকে অতীতের ভুলত্রুটি পরিহার করে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, “বাংলাদেশ সম্প্রীতির দেশ এবং এ অঞ্চলের মানুষও তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস, নাট্য সংগঠক শামসুল বাসির শেরো, আনন্দলোকের পরিচালক রানা কুমার সিংহ এবং ‘শ্রুতি’র সদস্য সচিব সুকান্ত গুপ্তসহ স্থানীয় বিশিষ্টজনরা।
ঢাকা/রাহাত/মাসুদ
বাংলা নতুন বছরের প্রথম দিনে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান