ঢাকা     শুক্রবার   ২০ মার্চ ২০২৬ ||  চৈত্র ৭ ১৪৩২ || ৩০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিডনিতে বসছে ‘বাংলা হান্ড্রেড লিগ’র আসর

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২০ মার্চ ২০২৬   আপডেট: ১৬:২৩, ২০ মার্চ ২০২৬
সিডনিতে বসছে ‘বাংলা হান্ড্রেড লিগ’র আসর

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে আসছে ‘বাংলা হান্ড্রেড লিগ (বিএইচএল) সিজন-১’। ইউনিলিংক গ্লোবাল সল্যুশনের পৃষ্ঠপোষকতায় এই ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক আয়োজনটি কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং সিডনিতে বসবাসরত বাংলাদেশিদের ঐক্যের বড় মঞ্চ। এই লিগে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘লাইভ প্লেয়ার অকশন’, যা প্রবাসের কমিউনিটি ক্রিকেটে আধুনিক ও ব্যতিক্রমী সংযোজন। 

টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক আতীকুর রহমান সজীব বলেছেন, “পেশাদার পরিবেশে প্রবাসের মেধাবী ক্রিকেটারদের প্রতিভা বিকাশের লক্ষ্যেই আমাদের এই আয়োজন।” 

টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে আয়োজনের জৌলুস বাড়িয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ইমরুল কায়েস।

এই আসরে শিরোপার লড়াইয়ে নামছে ঐতিহ্যবাহী ছয়টি অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল—ঢাকা পাওয়ার ব্লেজার্স, চট্টগ্রাম কিংস, ময়মনসিংহ জায়ান্টস, খুলনা ফাইটার্স, রংপুর রাইডার্স এবং কুমিল্লা সুপার স্টার্স। 

স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতায় প্রতিটি দলই এখন চূড়ান্ত প্রস্তুতির পথে। মাঠের লড়াইয়ে ভারসাম্য বজায় রাখতে প্রতিটি দলেই থাকছেন অভিজ্ঞ ‘আইকনিক’ ক্রিকেটাররা।

আগামী ২৮ মার্চ সিডনির লাকেম্বা লাইব্রেরিতে হবে ঐতিহাসিক প্লেয়ার অকশন। এই নিলাম থেকেই নির্ধারিত হবে কোন তারকা লড়বেন কোন দলের হয়ে। 

ক্রিকেটপ্রেমীদের জন্য আনন্দের বিষয় হলো— এআর স্পোর্টস নেটওয়ার্কের কারিগরি সহায়তায় প্রতিটি ম্যাচ ফেসবুক ও ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে। অত্যাধুনিক ক্যামেরা ও প্রাণবন্ত ধারাভাষ্যের মাধ্যমে দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন পূর্ণাঙ্গ ক্রিকেট আমেজ। 

সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ এপ্রিল থেকে মাঠে গড়াবে এই লিগ। আয়োজকদের বিশ্বাস, সবার সম্মিলিত অংশগ্রহণে এই আসরটি বিদেশের মাটিতে বাংলাদেশি ক্রিকেটের গৌরবোজ্জ্বল অধ্যায় সূচনা করবে।

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়