ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুক্তরাজ্যের বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান  

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ৫ জানুয়ারি ২০২৫  
যুক্তরাজ্যের বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান  

যুক্তরাজ্যের বাংলাদেশি ব্যবসায়ীদের এ দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

রবিবার (৫জনুয়ারি) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

বাণিজ্য উপদেষ্টা যুক্তরাজ্যের বাংলাদেশি ব্যবসায়ীদের এ দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশে বিনিয়োগ করুন, দেশের উন্নয়নে অবদান রাখুন। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কোন্নয়নে আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ”

উপদেষ্টা ব্যবসায়ী নেতৃবৃন্দকে পাটজাত দ্রব্য, পর্যটন, ফার্মাসিউটিক্যালস ও টেলিকম খাতে বিনিয়োগের আহ্বান জানান। 

তিনি বলেন, “এখন বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ ভালো। বিনিয়োগে কোনো বাধা নেই। বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে সরকার কাজ করছে।”

ইউকেবিসিসিআই এর নেতৃবৃন্দ বাংলাদেশ ন্যাশনাল টি বোর্ড, সরকারি টেলিকম খাত ও শিক্ষা খাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার বাড়াতে বিনিয়োগ করতে তাদের আগ্রহের কথা জানান।

এছাড়া, নেতৃবৃন্দ সি ফুড এক্সপোর্ট, ফুড প্রসেসিং ও গ্রিন ফার্মিং সুবিধা বৃদ্ধির জন্য বিশেষ এগ্রিকালচারাল জোন (এগ্রিকালচারাল বেসড ইপিজেড ) স্থাপনের দাবি জানান।

বৈঠকে ইউকেবিসিসিআই এর চেয়ারম্যান ইকবাল আহমেদ, প্রেসিডেন্ট এম জি মওলা মিয়া, প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট বজলুর রশিদ, যুক্তরাজ্যের হাউস অব কমন্সের এমপি ড. রুপা হক বক্তব্য রাখেন। 

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম বৈঠকে উপস্থিত ছিলেন। 

ঢাকা/হাসনাত/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়