ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫  
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ হয়। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, বিদ্যুৎ সরবরাহ, কানেকটিভিটি বৃদ্ধি ও নেপাল ইকোনমিক সামিট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা বলেন, দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে কানেক্টিভিটি (সংযোগ) বৃদ্ধি করা দরকার। কৌশলগত অংশীদারত্ব নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বাংলাদেশ কাজ করতে আগ্রহী। এ সময় দুদেশের বাণিজ্য ভলিউম বৃদ্ধির মাধ্যমে উভয় দেশই লাভবান হবে বলে উল্লেখ করেন তিনি।

নেপালের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ঐতিহাসিক ও চমৎকার উল্লেখ করে বলেন, নেপাল বাংলাদেশ থেকে কৃষিজাত পণ্য আমদানি করে থাকে। নেপাল থেকে বিদ্যুৎ আমদানির জন্য গত ৩ অক্টোবর ভারত ও নেপালের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করে বাংলাদেশ। চুক্তির আওতায় ২০২৫ সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য নেপাল থেকে ভারত হয়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ।

এ সময় ঘনশ্যাম ভান্ডারী ভবিষ্যতে বিদ্যুৎ রপ্তানির পরিমাণ বাড়বে বলে আশা প্রকাশ করেন।

বৈঠকে ঘনশ্যাম ভান্ডারী বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে নেপালে অনুষ্ঠিতব্য নেপাল ইকোনমিক সামিটে অংশগ্রহণের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। বাণিজ্যসচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান ও অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এসময় উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসনাত/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়