বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হচ্ছে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ
ভারতীয় উপমহাদেশে ঐতিহ্যবাহী খেলা স্কোয়াশ। সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছিল সেই ঐতিহ্য। ঐতিহ্যকে ফেরাতেই এগিয়ে এসেছে বাংলাদেশের সর্ববৃহৎ শিল্প গ্রুপ বসুন্ধরা।
দেশে ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূমিকা রাখতে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সঙ্গে চুক্তি করেছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগে স্কোয়াশ খেলোয়াড়রা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংগ্রহণের সুযোগ পাবেন। তারা বসুন্ধরা স্পোর্টস সিটির সব সুবিধা পাবেন।
সে লক্ষ্যেই বসুন্ধরা স্পোর্টস সিটির সহায়তায় বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন আয়োজন করতে যাচ্ছে ‘৫ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ-২০২৫’। উর্মি গ্রুপ ও তুরাগ একটিভের পৃষ্ঠপোষকতায় এবারের আসরের রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে চূড়ান্ত পর্বের খেলা আয়োজন করা হবে।
বসুন্ধরা স্পোর্টস সিটির পাশাপাশি ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, শাহীন কলেজ ও আর্মি অফিসার্স মেসে প্রতিযোগিতা করবেন খেলোয়াড়রা।
এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার (১১ অক্টোবর) বিকেলে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পরে বসুন্ধরা গ্রুপ ও বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের মধ্যে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। বসুন্ধরা গ্রুপের পক্ষে বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মোহসিনুল করিম ও বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।
জি এম কামরুল ইসলাম বলেছেন, “বসুন্ধরা স্পোর্টস সিটিসহ পৃষ্ঠপোষক উর্মি গ্রুপ ও তুরাগ একটিভকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আপনাদের সহায়তায় আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের সুনাম বয়ে আনব। দেশের তরুণদের মেধা ও প্রতিভাকে মূল্যায়ন করার মধ্য দিয়ে আমরা ইতোমধ্যে চারশ’র বেশি খেলোয়াড় তৈরি করেছি। আসন্ন এসএ গেমসেও আমাদের প্রতিযোগীরা অংশগ্রহণ করবে। আমাদের রিসোর্স কম। এবার আমরা বসুন্ধরা গ্রুপকে সঙ্গে নিয়ে দেশে স্কোয়াশের একটা বিপ্লব করতে চাই।”
বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মোহসিনুল করিম বলেন, “এটি বাংলাদেশের খেলার জগতে বড় একটি আয়োজন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের উদ্যোগেই মূলত এ আয়োজন। দেশের ফুটবলের মতো স্কোয়াশকেও আমরা এগিয়ে নিতে চাই। সে লক্ষ্যেই চুক্তিটি হয়েছে।”
১ অক্টোবর থেকে শুরু হওয়া দেশব্যাপী আঞ্চলিক পর্বে ২৫টি প্রতিষ্ঠানের ১৮০ জনের অধিক প্রতিযোগী এ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে বিজয়ী ও নির্বাচিত ৮০ জন প্রতিযোগী নিয়ে ৯টি গ্রুপে শিরোপার চূড়ান্ত লড়াই শুরু হবে সোমবার থেকে।
চূড়ান্ত পর্বের গ্রুপগুলো হলো—উন্মুক্ত নারী, উন্মুক্ত পুরুষ, উন্মুক্ত মেম্বার এবং ১১ বছরের কম, ১২ থেকে ১৩ বছর, ১৪ থেকে ১৫ বছরের ছেলে ও মেয়েদের পৃথক গ্রুপ।
ঢাকা/রফিক
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান