ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপিকে বিনিয়োগকারী ঐক্য পরিষদের অভিনন্দন, অর্থনীতি পুনরুদ্ধারের আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:১০, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপিকে বিনিয়োগকারী ঐক্য পরিষদের অভিনন্দন, অর্থনীতি পুনরুদ্ধারের আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। একই সঙ্গে নতুন সরকারের কাছে দেশের ব্যাংকিং খাত, পুঁজিবাজার ও ব্যবসা-বাণিজ্য পুনরুদ্ধারে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

সংগঠনটির সভাপতি কাজী মো. নজরুল ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল হক স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় বলা হয়, ‘সবার আগে বাংলাদেশ’ বিনির্মাণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে নিরঙ্কুশ সংখ্যগরিষ্ঠতায় জয়লাভের জন্য দেশের জনগণ ও বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার ও শক্তিশালী বিরোধী দলের সমন্বিত উদ্যোগে ভঙ্গুর আর্থিক খাত পুনর্গঠনে প্রথম ছয় মাসের মধ্যেই দৃশ্যমান পদক্ষেপ প্রত্যাশা করছে বিনিয়োগকারীরা। এতে জনগণের আস্থা ফিরবে এবং বিনিয়োগে নতুন গতি সৃষ্টি হবে।

বার্তায় বলা হয়, নতুন মন্ত্রিসভায় আর্থিক খাতে দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের দায়িত্ব দেওয়া জরুরি। বিশেষ করে যোগ্য অর্থমন্ত্রী, পুঁজিবাজার সম্পর্কে অভিজ্ঞ অর্থ প্রতিমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক গভর্নর, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নিয়োগকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

সংগঠনটির পক্ষ থেকে আরো উল্লেখ করা হয়, গত দুই বছরে ভারতে শত শত কোম্পানি আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হলেও বাংলাদেশে নতুন তালিকাভুক্তি হয়নি। তাই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই সমন্বিত উদ্যোগে বহুজাতিক ও লাভজনক রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো বাজারে আনার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছি। আগামী পাঁচ বছর বিনিয়োগকারী ঐক্য পরিষদ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে দেশের আর্থিক খাতকে শক্তিশালী করতে চায় এবং জাতীয় অর্থনীতির পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়