পরীক্ষায় নকলের সুযোগ নেই, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্তভাবে আয়োজন করতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, “পরীক্ষায় অনিয়ম রোধে প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করা হবে এবং ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকলের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”
মঙ্গলবার (৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ এর সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।
সভায় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সভায় মন্ত্রী ঝুঁকিপূর্ণ পরীক্ষা কেন্দ্রগুলো পুনরায় তদন্ত করে হালনাগাদ তালিকা প্রণয়নের নির্দেশনা দেন। তিনি বলেন, “পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথভাবে বডি সার্চ নিশ্চিত করতে হবে এবং নকল প্রতিরোধে শিক্ষকদের আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”
ড. এহছানুল হক মিলন হুঁশিয়ারি দিয়ে বলেন, “পরীক্ষা চলাকালে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন বা প্রশ্নসংক্রান্ত কনটেন্ট আপলোড হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে সেই কেন্দ্রের কর্তৃপক্ষকে দায়ী করা হবে।”
তিনি আরো বলেন, “মেধাভিত্তিক জাতি গঠনের জন্য পরীক্ষার সিস্টেমে পরিবর্তন আনতে হবে। অটোপাশের কোনো সুযোগ আর দেওয়া হবে না।”
একই সঙ্গে প্র্যাকটিক্যাল পরীক্ষায় গড় নম্বর দেওয়ার প্রচলিত প্রথা থেকে বেরিয়ে এসে প্রকৃত মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নকল প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন জেলায় মোটিভেশনাল মিটিং আয়োজনের কথাও জানান মন্ত্রী। পাশাপাশি যেসব জেলায় এখনো জিলা স্কুল নেই, সেখানে নতুন জিলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। এসব স্কুল প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উচ্চমাধ্যমিক পর্যায়ের আদলে পরিচালিত হবে বলে জানান মন্ত্রী।
সভা শেষে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
ঢাকা/এএএম/এসবি