‘কেউ আমাকে কাজ দিচ্ছে না’
অভয় দেওল
বিনোদন ডেস্ক: অভিনেতা অভয় দেওল। ২০০৫ সালে ইমতিয়াজ আলীর সোচা না থা সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। এরপর বিভিন্ন সময় অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন তিনি।
সম্প্রতি মিড ডে পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন অভয় দেওল। বেশিরভাগ সময়ই তার একটি থেকে অপর সিনেমায় দীর্ঘ বিরতি থাকে। এর কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কেউ আমাকে কাজ দিচ্ছে না। আমি যে ধরনের বিষয়বস্তু নিয়ে কাজ করি এগুলো নিয়ে খুব কম সিনেমা তৈরি হয়। একই সঙ্গে আমি সব সিনেমায় অভিনয় করি না। যখন সিনেমা আমাকে আকৃষ্ট করে, তখন প্রস্তাবে রাজি হয়ে যাই। আমি সচরাচর নতুন পরিচালকদের গল্প পছন্দ করি। সুতরাং, সেই সিনেমা মুক্তি পেতে অনেক সময় লেগে যায়।’
আগামী বছর অভয় দেওলের বলিউডে ১৫ বছর পূর্ণ হবে। তবে এই মাইলফলক উদযাপন নিয়ে খুব বেশি চিন্তিত নন তিনি। দেব ডি সিনেমাখ্যাত এই অভিনেতা বলেন, ‘আমি কোনো অ্যাওয়ার্ড জিতিনি অথবা কোনো উল্লেখযোগ্য সিনেমায় কাজও করিনি। সুতরাং, উদযাপন করার মতো কিছু নেই। আপনি যদি গতানুগতিক ধারার বিপরীতে কাজ করেন তাহলে খুব বেশি পরিচিতি পাবেন না।’
গত বছর ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত জিরো সিনেমায় সর্বশেষ অভয় দেওলকে দেখা গেছে। অভয় দেওলকে পরবর্তীতে দেখা যাবে নেটফ্লিক্সের চপস্টিকস ওয়েব সিরিজে। পাশাপাশি রোহিত করন বাত্রার ক্রাইম থ্রিলার লাইন অব ডিসেন্ট সিনেমায় অভিনয় করছেন তিনি। এছাড়া ইদু ভেদালাম সোলাম কাথাই সিনেমার মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে তার অভিষেক হচ্ছে।
তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে—হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, এক চল্লিশ কি লাস্ট লোকাল, মনোরামা সিক্স ফিট আন্ডার, ওয়ে লাকি! লাকি ওয়ে, জিন্দাগি না মিলেগি দোবারা, রানঝানা, হ্যাপি ভাগ যায়েগি ইত্যাদি।
রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৯/মারুফ/শান্ত
রাইজিংবিডি.কম
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী