ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুর্ঘটনার কবলে অঙ্কুশ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৬, ৩০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুর্ঘটনার কবলে অঙ্কুশ

সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। গত মঙ্গলবার রাতে হাওড়া জেলার ধুলাগড়ের টোল প্লাজার কাছে দুর্ঘটনায় পড়েন তিনি। শারীরিকভাবে অক্ষত থাকলেও দুমড়ে-মুচড়ে গেছে তার ব্যক্তিগত গাড়িটি।

এদিন সন্ধ্যায় মেদিনীপুরের সিপাইবাজারে দেবী স্পোর্টস অ্যাসোসিয়েশনে সরস্বতী পূজার উদ্বোধন করতে গিয়েছিলেন অঙ্কুশ। নৈশভোজ সেরে কলকাতা ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি। অঙ্কুশের ভাষায়, ‘আমার গাড়িটা একটা লরির পেছনে ছিল। আমার ড্রাইভার হর্ন দেওয়ায় লরিটি এক লেন ছেড়ে দেয়। তারপর আমার গাড়ি লরিটিকে ওভারটেক করতে শুরু করে। তখন হঠাৎ লরিটি আবার আগের লেনে ফিরে আসে। লরির ধাক্কায় আমাকে বহনকারী গাড়িটি পুরোপুরি ঘুরে যায়। এসইউভি ছিল বলে গাড়িটা উল্টে যায়নি। তাই প্রাণে বেঁচে গিয়েছি।’

এদিকে কলকাতায় ফিরে বুধবার সকালে অঙ্কুশের টিমের সদস্যদের উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করতে পাঠিয়েছিলেন। কিন্তু অভিযোগ নেয়নি, বরং দুর্ঘটনার প্রমাণ চেয়েছে পুলিশ। সর্বশেষ প্রমাণ দিতে না পারায় অভিযোগও নেয়নি উলুবেড়িয়া থানা। 

এ প্রসঙ্গে অঙ্কুশ বলেন, ‘‘দুর্ঘটনার পাঁচ মিনিটের মধ্যে টহল পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে। পুলিশ এসে বলে, ‘শেষে কিনা, সেলিব্রিটির গাড়িতেই!’ মদ্যপ লরি চালকের সঙ্গে পুলিশের কথাবার্তা শুনে অবাক হয়েছিলাম। দুর্ঘটনার পর পরিস্থিতি সামলাব, না এলাকাটি কোন থানার মধ্যে পড়ে তা খোঁজ নেব, না দুর্ঘটনার ছবি তুলব?’’

২০১০ সালে ‘কেল্লাফতে’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন অঙ্কুশ। টলিউডের অভিনেতা হলেও বাংলাদেশে রয়েছে অঙ্কুশের জনপ্রিয়তা। চিত্রনায়িকা মাহিয়া মাহি, নুসরাত ফারিয়ার সঙ্গে জুটি বেঁধেও অভিনয় করেছেন তিনি। তবে মাঝে অনেকটা সময় সিনেমা থেকে দূরে ছিলেন তিনি। এরপর ‘ভিলেন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেন। এতে তার বিপরীতে অভিনয় করেন মিমি চক্রবর্তী।    

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়