ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবা হারালেন পরিচালক রাজ চক্রবর্তী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ২৮ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৫, ২৯ আগস্ট ২০২০
বাবা হারালেন পরিচালক রাজ চক্রবর্তী

বাবা হারালেন টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। আজ (২৮ আগস্ট) সকালে কলকাতার বাইপাসের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজের বাবা কৃষ্ণ শঙ্কর চক্রবর্তী।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে—আজ সকালে মারা গেছেন রাজ চক্রবর্তীর বাবা। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। সরকারি নিয়ম মেনে আজই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ চক্রবর্তীও। গত ১৭ আগস্ট এক টুইটে এ তথ‌্য জানান তিনি। টুইটে রাজ চক্রবর্তী লিখেছিলেন—আমি কোভিড-১৯ আক্রান্ত। সম্প্রতি আমার বাবাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এ সময় দুইবার কোভিড-১৯ পরীক্ষা করানো হলে বাবার রেজাল্ট নেগেটিভ আসে। বাড়ির অন্য সদস্যদেরও কোভিড-১৯ পরীক্ষা করানো হবে।

রাজ চক্রবর্তীর স্ত্রী টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ৮ মাসের অন্তঃসত্ত্বা। আগামী সেপ্টেম্বরে তাদের ঘর আলো করে আসছে নতুন অতিথি। আর এমন সময়ে বাড়িতে করোনার হানায় অনেকটাই চিন্তায় পড়েছি গিয়েছিলেন রাজ।

পরে শুভশ্রীসহ রাজের বাড়ির অন্য সদস্যদের কোভিড-১৯ পরীক্ষা করালে সবার রেজাল্ট নেগেটিভ আসে। কিন্তু দুই দিন আগে রাজের বাবার আবারো কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। এতে রেজাল্ট পজেটিভ আসে।

করোনায় আক্রান্ত হওয়ার কারণে রাজ তার বাবার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। এ বিষয়ে সংবাদমাধ্যমটিকে টলিউডের গুণী পরিচালক অরিন্দম শীল বলেন, দুই দিন আগে রাজের বাবার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজেটিভ আসে। হৃদরোগের কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বাবাকে শেষ শ্রদ্ধাও জানাতে পারবে না রাজ। এটি সবচেয়ে বেশি কষ্টকর বিষয়! আমি বিস্ময়ের সঙ্গে চিন্তা করছি, এই পরিস্থিতিতে শুভশ্রী কীভাবে সব সামলাচ্ছে। রাজ-শুভশ্রীর পরিবারের প্রতি প্রার্থনা রইলো।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়