ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভেন্টিলেশনে সৌমিত্র, দেখতে যাচ্ছেন মমতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ১৩ অক্টোবর ২০২০  
ভেন্টিলেশনে সৌমিত্র, দেখতে যাচ্ছেন মমতা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে কলকাতার বেলবিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভারতের বরেণ্য অভিনয়শিল্পী সৌমিত্র চ্যাটার্জি। এদিকে প্রিয় শিল্পীকে দেখতে বেলভিউ হাসপাতালে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বর্তমানে সৌমিত্রর শরীরে অল্প মাত্রায় জ্বর রয়েছে, তবে সামগ্রিকভাবে তার শারীরিক অবস্থার অবনতি হয়নি। কিন্তু সোমবার (১২ অক্টোবর) রাত থেকে বাইপ্যাপ ভেন্টিলেশন দেওয়া হয়েছে এই শিল্পীকে।

আরো পড়ুন:

মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌমিত্রর ইসিজি ও ইকোর পরীক্ষা হবে। আগামীকাল বুধবার আবার তার করোনার নমুনা পরীক্ষা করা হবে।

চিকিৎসকেরা জানান, সৌমিত্র চ্যাটার্জির ফুসফুসের এমআরআই করা হয়েছে। তেমন কিছু পাওয়া যায়নি। তার প্রোস্টেট ক্যানসার ফুসফুস ও মস্তিষ্কে ছড়িয়ে পড়েছে। মূত্রনালিতেও সংক্রমণ ঘটেছে। তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে।

বেলভিউ হাসপাতালের সিইও জানান, গত বছর গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন সৌমিত্র। এসব বিষয় মাথায় রেখেই চিকিৎসার পদক্ষেপ ঠিক করা হচ্ছে। সংশ্লিষ্ট হাসপাতালের ১০ জন ছাড়াও আরো ৬জন বিশেষজ্ঞ চিকিৎসক পরিস্থিতি পর্যালোচনা করছেন।

করোনা সংকটের কারণে দীর্ঘ দিন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির শুটিং বন্ধ ছিল। সতর্কতা মেনে সম্প্রতি শুটিংয়ের অনুমতি মেলে। যথাযথ সুরক্ষা মেনে শুটিংয়ে ফিরেছিলেন সৌমিত্র। নিজেকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের শুটিং করছিলেন। এর মধ্যে তিনি করোনায় আক্রান্ত হন। গত ৬ অক্টোবর ৮৫ বছর বয়েসি এই শিল্পীকে হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৩৫ সালের ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন সৌমিত্র চ্যাটার্জি। চ্যাটার্জি পরিবারের আদি বাড়ি ছিল বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহের কাছে কয়া গ্রামে। সৌমিত্রর দাদার আমল থেকে চ্যাটার্জি পরিবার নদিয়া জেলার কৃষ্ণনগরে বসবাস শুরু করেন। সৌমিত্র পড়াশোনা করেন—হাওড়া জেলা স্কুল, স্কটিশ চার্চ কলেজ, কলকাতার সিটি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে।

১৯৫৯ সালে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘অপুর সংসার’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। পরবর্তীতে সত্যজিৎ রায় পরিচালিত ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন সৌমিত্র। মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেন তিনি। কবি ও খুব উচ্চমানের আবৃত্তিকার হিসেবে তার দারুণ খ্যাতি রয়েছে।

২০১২ সালে ভারতের চলচ্চিত্রাঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেন সৌমিত্র। ২০০৪ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মভূষণ পান তিনি। তাছাড়া ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সংগীত নাটক একাডেমি পুরস্কার, ফিল্ম ফেয়ার পুরস্কারসহ নানা পুরস্কার পেয়েছেন এই শিল্পী। এ ছাড়া দেশ-বিদেশের অসংখ্য সম্মাননা তার প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে। উল্লেখযোগ্য হলো—ফ্রান্সের ‘লেজিয়ঁ দ্য নর’ (২০১৮)।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়