ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ৭ ফেব্রুয়ারি ২০২৬  
টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা

ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাওয়া আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই শুধু তারকাখচিত লড়াই নয়, বরাবরের মতোই এটি নতুন তারকাদের আবির্ভাবের মঞ্চ। প্রতিটি আইসিসি আসরেই অপ্রত্যাশিতভাবে কিছু তরুণ ক্রিকেটার সামনে এসে আলো কাড়েন, যাদের নাম হয়তো দলীয় পরিকল্পনায় আগে থেকেই ছিল। কিন্তু সাধারণ দর্শকের চোখে তারা তখনও পুরোপুরি পরিচিত নন।

ক্রিকেটপ্রেমীদের জন্য সবচেয়ে উপভোগ্য অভিজ্ঞতার একটি হলো কোনো খেলোয়াড়ের উত্থান খুব কাছ থেকে দেখা। ক্যারিয়ারের শুরু থেকেই যাদের যাত্রা অনুসরণ করা যায়, সেই খেলোয়াড়দের সঙ্গে দর্শকের আবেগী বন্ধনও গড়ে ওঠে দীর্ঘমেয়াদি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপও তেমনই এক নতুন প্রজন্মের বিশ্বমানের ক্রিকেটার উপহার দিতে প্রস্তুত, যারা আগামী একাধিক বিশ্বকাপ জুড়ে আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত মুখ হয়ে উঠতে পারেন।

আরো পড়ুন:

এই আসরে বড় মঞ্চের আলোয় উঠে আসতে পারে এমন পাঁচ তরুণ ক্রিকেটারের দিকে নজর দেওয়া যাক।

জ্যাকব বেথেল (ইংল্যান্ড):
২৩ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার জ্যাকব বেথেল ইতিমধ্যেই ক্রিকেটবিশ্বকে সতর্ক বার্তা দিয়ে রেখেছেন। মাত্র এক মাস আগেই তিনি সিডনিতে অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে দারুণ এক শতক হাঁকান। তার ১৫৪ রানের সেই ইনিংস ছিল নিয়ন্ত্রিত, আত্মবিশ্বাসী এবং পরিণত মানসিকতার দৃষ্টান্ত।

ছোট ফরম্যাটের জন্য বেথেলের দক্ষতা যেন একেবারেই মানানসই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট প্রায় দেড়শ’র কাছাকাছি। বাঁহাতি এই ব্যাটার পাওয়ার প্লেতে দলের দুই আক্রমণাত্মক ওপেনারের সঙ্গে মানানসই এক ভারসাম্য এনে দিতে পারেন। যা ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে আরও ভয়ংকর করে তুলেছে।

তিলক ভার্মা (ভারত):
এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম নিঃসন্দেহে তিলক ভার্মা। বর্তমানে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে তিনি শীর্ষ চারে অবস্থান করছেন। পেটের অস্ত্রোপচারের পর সময়মতো দলে ফিরে এসেছেন এই বাঁহাতি ব্যাটার। আর বিশ্বকাপের ঠিক আগে দুটি প্রস্তুতি ম্যাচেই নিজের ছন্দের ঝলক দেখিয়েছেন।

মাত্র ২৩ বছর বয়সেই তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গড়ে প্রায় পঞ্চাশের কাছাকাছি রান করছেন। অভিষেকের পর থেকে ৪০ ম্যাচ খেলে দুটি শতক ও ছয়টি ফিফটি তুলে নেওয়া এই ব্যাটার দক্ষিণ আফ্রিকায় গিয়ে শতক হাঁকানোর অভিজ্ঞতাও রাখেন। ভারতের শক্তিশালী ব্যাটিং অর্ডারের সঙ্গে তার উপস্থিতি বিশ্বকাপে আলাদা মাত্রা যোগ করতে পারে।

ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা):
মাত্র ২২ বছর বয়সেই দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিসকে ঘিরে প্রত্যাশা আকাশচুম্বী। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট একশ সত্তরের কাছাকাছি, যা তাকে বিশ্বের দ্রুততম রান সংগ্রাহকদের কাতারে ফেলেছে।

গত বছর অস্ট্রেলিয়ায় করা তার ১২৫ রানের অপরাজিত ইনিংস এখনো আলোচনায় এটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইতিহাসের অন্যতম সর্বোচ্চ স্কোর। সব ধরনের শট খেলতে পারা এই তরুণ ব্যাটার শেষ বিশ্বকাপে খুব কাছাকাছি গিয়েও শিরোপা না পাওয়া দক্ষিণ আফ্রিকার জন্য হতে পারেন গেম-চেঞ্জার।

সেদিকুল্লাহ অটল (আফগানিস্তান):
আফগানিস্তানের সাম্প্রতিক উত্থানের পেছনে যেমন অভিজ্ঞ ক্রিকেটারদের ভূমিকা আছে, তেমনি নতুন প্রজন্মের এই ব্যাটারদের আগমন দলটিকে আরও শক্তিশালী করেছে। ২৪ বছর বয়সী সেদিকুল্লাহ অটল সেই নতুন ঢেউয়েরই প্রতিনিধি।

শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল। সেই দলের শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে অটল এখন রহমতউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের সঙ্গে মিলে পাওয়ার প্লেতে বড় প্রভাব তৈরি করার সামর্থ্য রাখেন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ফিফটি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়েছে নিঃসন্দেহে।

কুপার কনোলি (অস্ট্রেলিয়া):
২২ বছর বয়সী কুপার কনোলিকে ঘিরে অস্ট্রেলিয়া শিবিরে গল্পের শেষ নেই। ঘরোয়া টি-টোয়েন্টি লিগে গত মৌসুমে তিনি বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন। যেখানে তার পরিষ্কার ব্যাটিং আর কার্যকর স্পিন নজর কাড়ে।

আন্তর্জাতিক ক্রিকেটে এখনো তার ব্যাটিং পরিসংখ্যান খুব উজ্জ্বল না হলেও বাঁহাতি স্পিনের কারণে দলে তার জায়গা নিরাপদ। উপমহাদেশের স্পিন সহায়ক উইকেটে বিশ্বকাপ চলাকালে কনোলির জন্য এটি হতে পারে নিজেকে প্রমাণের সেরা সুযোগ।

বিশেষভাবে উল্লেখযোগ্য:
এই পাঁচজন ছাড়াও নজরে রাখার মতো আরও দুজন তরুণ আছেন। জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট বাছাইপর্বে শতক ও একাধিক ফিফটির মাধ্যমে দলকে বিশ্বকাপে তুলতে বড় ভূমিকা রেখেছেন। অন্যদিকে কানাডার মাত্র ১৯ বছর বয়সী যুবরাজ সামরা ইতিমধ্যেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গড়ে ছত্রিশের বেশি রান করছেন এবং তার স্ট্রাইক রেট একশ ষাটের ওপরে।

সব মিলিয়ে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুধু শিরোপার লড়াই নয়- এটি নতুন তারকাদের আবির্ভাবের মঞ্চও। ক্রিকেটবিশ্ব হয়তো খুব শিগগিরই এই তরুণদের নাম মুখে মুখে ফিরতে দেখবে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়