ভালো শুরুর পর বেশিদূর যেতে পারল না নেদারল্যান্ডস
পাকিস্তানকে প্রায় ভয় পাইয়ে দিয়েছিল নেদারল্যান্ডস। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কার এসএসসি মাঠে নেদারর্যান্ডসের রান ১২.৩ ওভারে ৩ উইকেটে ১০৫। পরপর দুই চার মেরে বাস ডি লিড ও এডওয়ার্ডস দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। মনে হচ্ছিল শেষ হাসিটা তারাই হাসবেন।
কিন্তু তেমন কিছু হলো না। শেষ ৫ ওভারে নেদারল্যান্ডস পেল মাত্র ২৬ রান। হারাল ৬ উইকেট। তাতে স্কোরবোর্ডে পুঁজি মাত্র ১৪৭ রান। ইনিংস শেষ হবার ১ বল আগেই অলআউট নেদারল্যান্ডস। ভালো শুরুর পর ডাচদের সামনে সুযোগ ছিল বড় পুঁজি পাওয়ার। কিন্তু বাস ডি লিড ও অধিনায়ক এডওয়ার্ডস পরপর সাজঘরে ফেরায় শেষ হয়ে যায় তাদের আশা।
ডি লিড ২৫ বলে ৪ বাউন্ডারিতে ৩০ রান করেন। এডওয়ার্ডস ২৯ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ৩৭ রান। এছাড়া মাইকেল লেভিট ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ এবং কলিন আকারম্যান ১৪ বলে করেন ২০ রান। শেষ দিকে আরিয়ান দত্তের ৮ বলে ১৩ রানের ইনিংসে দেড়শর কাছাকাছি যায় নেদারল্যান্ডসের ইনিংস।
পাকিস্তানের বোলিং ইনিংসে শেষ দিকে হাসি ফেরান সায়েম আইয়ুব। ১ ওভারে ৭ রানে ২ উইকেট নেন তিনি। এছাড়া মোহাম্মদ নওয়াজ ও আবরার আহমেদ ২টি করে উইকেট পেয়েছেন। তবে ৩ উইকেট নিয়ে তাদের সেরা বোলার ছিলেন পেসার সালমান মির্জা।
ঢাকা/ইয়াসিন