বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী অপর্ণা
ইরফান, শাফায়েত, অপর্ণা, সাতরাজিৎ (বাঁ থেকে)
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। অপর্ণার হবু বরের নাম সাতরাজিৎ দত্ত। এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
জানা যায়, সোমবার (৭ ডিসেম্ববর) সন্ধ্যায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে অপর্ণা-সাতরাজিৎ এর আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী ১০ ডিসেম্বর তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
আশীর্বাদ অনুষ্ঠানে অপর্ণা-সাতরাজিৎ এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া শোবিজ অঙ্গন থেকে উপস্থিত ছিলেন, অভিনেতা ইরফান সাজ্জাদ, নির্মাতা শাফায়েত মনসুর রানাসহ অনেকে। তবে এ বিষয়ে কথা বলতে অপর্ণার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
২০০৬ সালে লাক্স প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন চট্টগ্রামের রাঙামাটির মেয়ে অপর্ণা ঘোষ। এই আসরে সেরা পাঁচে জায়গা করে নেন তিনি। তার অভিনীত প্রথম টিভি নাটক ‘তবুও ভালোবাসি’। এ নাটক প্রচারের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন অপর্ণা।
ঢাকা/শান্ত/আমিনুল