‘বেসামাল’ বেলালের সঙ্গী পূজা
সময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান ও বাঁধন সরকার পূজা। তারা একসঙ্গে অনেক গান কণ্ঠে তুলেছেন। আবারো একসঙ্গে গাইলেন এই দুই শিল্পী। ‘বেসামাল’ শিরোনামের গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা। সুর করেছেন বেলাল খান। সংগীতায়োজন করেছেন শোভন রায়। এছাড়াও র্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন র্যাপাস্তা দাদু।
গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। তাতেও একসঙ্গে হাজির হয়েছেন এই জুটি। ভাংড়া রিদমিক ফিল্মি ধাঁচের এই গানে অভিনয় করেছেন হামজা ও আরিয়ানা। কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল। সাভারের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এটি নির্মাণ করেছেন অনন্য মামুন।
গানটি নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে বেলাল খান বলেন—‘সামনে পূজা। তাই গানটিতে ফেস্টিভ একটা মুড রাখার চেষ্টা করেছি। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে চমৎকার গ্ল্যামারাস মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মামুন ভাই। আমার বিশ্বাস গানটি শ্রোতা-দর্শকদের দারুণ আনন্দ দেবে।’
বরাবরের মতো এই গান নিয়েও উচ্ছ্বসিত পূজা। তা জানিয়ে এই শিল্পী বলেন—‘বেলাল ভাইয়ের সঙ্গে করা গানগুলো বরাবরই স্পেশাল হয়। এবারের গানটিও তেমন হলো। অনেকদিন পর আমরা গানের রেকর্ডিং থেকে শুরু করে ভিডিও পর্যন্ত আনন্দ নিয়ে কাজটি শেষ করেছি। এখন মুক্তির অপেক্ষায় আছি।’
আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে বেলাল খানের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘বেসামাল’ গানটি।
ঢাকা/শান্ত