‘পদ্মা সেতুর কারণে এখন আর আইতে সাল যাইতে সাল বলার সুযোগ নেই’
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
আর জনদুর্ভোগ নয়, অল্প সময়েই পার হওয়া যাবে প্রমত্তা পদ্মা। দেশবাসীর বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু নিয়ে উচ্ছ্বসিত ২১ জেলার মানুষ। এই তালিকায় শোবিজ অঙ্গনের তারকারাও রয়েছেন।
বরগুনার ছেলে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির। পদ্মা পার হয়েই বাড়ি যান তিনি। পদ্মা সেতু নির্মাণে উচ্ছ্বাস প্রকাশ করে এই অভিনেতা রাইজিংবিডিকে বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। কারণ আমরা হচ্ছি একদম দক্ষিণা। দক্ষিণা অর্থাৎ দেশের সর্বশেষ জেলা বরগুনা। ফলে আমাদের জন্য ঢাকা আসা ছিল অনেক সময়ের বিষয়।’
একটি প্রচলিত বাক্যের উদাহরণ টেনে মীর সাব্বির বলেন, ‘ওই যে লোকে বলে না- আইতে সাল, যাইতে সাল, তার নাম বরিশাল। এই সাল কিন্তু বছরের কথা বলা হয়েছে, বরিশালের শাল নয়। এখন বরগুনা যেতে সময় লাগবে ৫-৬ ঘণ্টা। সুতরাং পদ্মা সেতুর কারণে এখন আর আইতে সাল যাইতে সাল বলার সুযোগ নাই।’
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এই অভিনেতা আরো বলেন, ‘পদ্ম সেতু আমাদের জন্য বিশাল বিস্ময়! এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তার জন্যই এটা সম্ভব হয়েছে। আমি মনে করি, দক্ষিণাঞ্চলের মানুষ সারা জীবন এই সুবিধা ভোগ করতে পারবেন এবং প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে তত ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।’
‘মাওয়ায় এমন অনেক সময় পার করেছি; সারারাত জ্যামে কেটে গেছে ফেরির অপেক্ষায়, সকাল ১০টা ১১টায় ফেরি পার হতে পেরেছি। এই দুর্ভোগ এখন আর পোহাতে হবে না। তাছাড়া হঠাৎ অসুস্থ হলে তাৎক্ষণিকভাবে রোগীকে ঢাকা নিয়ে আসা সম্ভব ছিল না। এমন অনেক ঘটনা ঘটেছে ফেরিতেই রোগী মারা গিয়েছে। এ ক্ষেত্রেও মানুষ অনেক সুবিধা পাবে।’ বলেন মীর সাব্বির।
গত বছরের শেষ দিকে মুক্তি পেয়েছে মীর সাব্বির নির্মিত চলচ্চিত্র ‘রাত জাগা ফুল’। আসছে ঈদে কয়েকটি নাটকে তাকে দেখা যাবে বলে রাইজিংবিডিকে জানান এই অভিনেতা।
রাহাত/তারা