ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিকের ক্যামেরা দেখেই সটকে পড়লেন বুবলী!

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ২৬ নভেম্বর ২০২২   আপডেট: ২২:২২, ২৬ নভেম্বর ২০২২
সাংবাদিকের ক্যামেরা দেখেই সটকে পড়লেন বুবলী!

চলচ্চিত্র নির্মাতা জসিম উদ্দিন জাকির আগেই দাওয়াত দিয়ে রেখেছেন- শুক্রবার সাইমন-বুবলীর বিয়ের দৃশ্যের শুটিং হবে; আসবেন। সে অনুযায়ী উত্তরায় শুটিং বাড়িতে সন্ধ্যায় গিয়ে পৌঁছলাম। আমরা গিয়েছি শুনে শুটিং রুম থেকে বের হয়ে এলেন নির্মাতা। তখন সাইমন সাদিক ও বুবলীর শুটিং হচ্ছিল বাসর ঘর তৈরি করে।  

কুশল বিনিময়ের পর নির্মাতা নিয়ে গিলেন শুটিং রুমে। কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে শট দিতে আপত্তি জানালেন রোশান ও বুবলী। বলে রাখা ভালো, কোন দৃশ্যের শুটিং সেখানে হচ্ছিল এ বিষয়ে উপস্থিত সাংবাদিকেরা অবগত ছিলেন না। যদিও রোশান ও বুবলীর আপত্তির কারণে নির্মাতা বারবার দুঃখ প্রকাশ করছিলেন। আমরা তাকে আশ্বস্ত করে বেরিয়ে এলাম। দরজা বন্ধ করে শুরু হলো দৃশ্যধারণ। 

দৃশ্যধারণ শেষে ঘামে ভেজা রোশান বেরিয়ে এলেন। বুবলী বেরিয়ে সোজা চলে গেলেন মেকআপ রুমে। এ সময়ও ক্যামেরা দেখে নিজেকে লুকানোর চেষ্টা করেন বুবলী। খুব দ্রুত সটকে পড়েন এই নায়িকা। অন্যদিকে তার দুই সহকারী চটে যান ক্যামেরাম্যানদের উপর। যদিও রোশান এসে সংবাদকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তখন সাংবাদিকদের জন্য চা-চক্র চলছিল। রোশানের কাছে জানতে চাওয়া হলো- সংবাদকর্মীদের সামনে কেন শট দিতে আপত্তি? রোশান জানান এমনিতেই আমি আনইজি ফিল করি। রোমান্টিক দৃশ্যে আরো বেশি।

রোশানের কথা শুনে অনুমান করা যায় রোমান্টিক দৃশ্যের জন্যই হয়তো এই আপত্তি। এর ফাঁকে সেট রেডি হলো। আবারও ডাক পড়ল বুবলীর। তিনি মেকআপ রুম থেকে বের হলেন। এবার তাকে সাক্ষাৎকার দেয়ার জন্য অনুরোধ করা হলে তিনি সরাসরি অপারগতা প্রকাশ করলেন। জানালেন আজ সাক্ষাৎকার দিতে পারবেন না। কারণ সাক্ষাৎকার দিলেই ব্যক্তিগত বিষয় উঠে আসবে। ফলে বুবলীর শুটিং এবং সাক্ষাৎকার না নিয়েই ফিরতে হলো সাংবাদিকদের।    

সম্প্রতি বুবলীর ‘নাকফুল’ ইস্যুতে সরগরম শোবিজ ইন্ডাস্ট্রি। বুবলী একটি গণমাধ্যমে বলেন, তিনি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন। গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বুবলী বেশ কয়েকবার সময় নির্ধারণ করেও শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন করেননি। বুবলীর এই আচরণ নিয়ে গণমাধ্যমকর্মীরা অসন্তোষ প্রকাশ করেন

বুবলী বর্তমানে জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া: দ্য লাভ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়