ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘গোবিন্দ আমাকে ছাড়া বাঁচবে না’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ১২ মে ২০২৫   আপডেট: ১২:৩৯, ১২ মে ২০২৫
‘গোবিন্দ আমাকে ছাড়া বাঁচবে না’

স্ত্রীর সঙ্গে গোবিন্দ

বলিউডের বরেণ্য অভিনেতা গোবিন্দ। ব্যক্তিগত জীবনে সুনীতা আহুজার সঙ্গে ঘর বেঁধেছেন। ৩৭ বছরের দাম্পত্য জীবন পার করছেন এই যুগল। কয়েক মাস আগে খবর চাউর হয়, ভেঙে যাচ্ছে এই দম্পতির বিয়ে।

সংসার ভাঙতে যাওয়ার খবরে দীর্ঘদিন নেতিবাচকভাবে চর্চিত হয়েছেন গোবিন্দ-সুনীতা। কেবল তাই নয়, এ নিয়ে ট্রলের শিকারও হয়েছেন তারা। পরে এই গুঞ্জন মিথ্যা বলে উড়িয়ে দেন। তারপরও আলোচনা থেমে নেই। টাইমস নাউকে দেওয়া সাক্ষাৎকারে ফের এ বিষয়ে কথা বললেন সুনীতা।

আরো পড়ুন:

সুনীতা মনে করেন, তাকে ছাড়া বাঁচবেন না গোবিন্দ। তার ভাষায়, “যেদিন সত্যি এ রকম কিছু হবে, আপনারা আমার এবং গোবিন্দর কাছ থেকেই জানতে পারবেন। সেদিন না হয় বিশ্বাস করবেন। আমি চিন্তাই করতে পারি না, গোবিন্দ আমাকে ছাড়া বাঁচবে, আর আমি গোবিন্দকে ছাড়া বাঁচতে পারব! গোবিন্দ কখনো কোনো বোকা নারীর জন্য তার পরিবার ছেড়ে যাবে না।”

সংসার ভাঙার গুঞ্জনে রীতিমতো বিরক্ত সুনীতা। তার মতে, “গুঞ্জন, গুঞ্জন, গুঞ্জন! প্রথমে জিজ্ঞাসা করুন এটি সত্যি কিনা! আমি কখনো এটি গ্রহণ করব না। যদি কারো সাহস থাকে, তবে তাদের সরাসরি আমাকে জিজ্ঞাসা করা উচিত। কেউ গুজব ছড়াবে, আর আপনিও তার সঙ্গে একমত হবেন, এটি ঠিক না।”

সুনীতার বিশ্বাস তাদের সংসার ভাঙবে না। এ তথ্য উল্লেখ করে সুনীতা বলেন, “কখনো এ রকম কিছু ঘটলে আমি নিজে থেকেই মিডিয়ার সঙ্গে কথা বলব। আমি বিশ্বাস করি, ঈশ্বর কখনো আমার ঘর ভাঙবেন না।”

এর আগে গোবিন্দর আইনজীবী ইন্ডিয়া টুডেকে জানান, ছয় মাস আগে গোবিন্দকে ডিভোর্স লেটার পাঠান সুনীতা। সেই খবর সামনে আসার পর বিচ্ছেদের চর্চা শুরু হয়। পরবর্তীতে এ দম্পতি তাদের সমস্যা মিটিয়ে নেন।

১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দ-সুনীতা। এ দম্পতির দুই সন্তান, তারা হলেন— মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন। ইতোমধ্যে রুপালি জগতে নাম লেখিয়েছেন গোবিন্দর মেয়ে টিনা আহুজা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’ সিনেমায় দেখা গেছে তাকে। পরিচালক সাই রাজেশের হাত ধরে খুব শিগগির বলিউডে অভিষেক হতে যাচ্ছে যশবর্ধনের।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়