ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ত্রোপচারের পর ভেন্টিলেটর সাপোর্টে সালমানের বাবা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:২১, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
অস্ত্রোপচারের পর ভেন্টিলেটর সাপোর্টে সালমানের বাবা

বাবার সঙ্গে সালমান খান

অস্ত্রোপচারের পর ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার ও অভিনেতা সালমান খানের বাবা সেলিম খানকে। গতকাল মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলে খবর প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। 

লীলাবতী হাসপাতালের ডা. জালিল পারকার ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বলেন, “তার (সেলিম খান) অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল।”  

আরো পড়ুন:

সেলিম খানকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। এ তথ্য জানিয়ে ডা. জলিল পারকার বলেন, “সেলিম খানের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তার ক্লিনিক্যাল অবস্থার দিকে বিশেষ নজর রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।” 

নব্বই বছর বয়সি সেলিম খানের বয়স বিবেচনা করে চিকিৎসকরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করছেন। তবে সেলিম খানের শারীরিক কি কি সমস্যা বা কোথায় তার অস্ত্রোপচার হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ডা. জলিল।   

অসুস্থ হয়ে পড়লে গত সোমবার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সেলিম খানকে। সালমান খানসহ পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে গিয়েছিলেন। গতকাল হাসপাতাল ত্যাগ করার সময়ে সালমান খানকে বেশ বিমর্ষ দেখায়।  

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সেলিম খানের স্ত্রী সালমা খানসহ পরিবারের অনেকে হাসপাতালে গিয়েছেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে। 

সেলিম খানের অসুস্থতার খবরে উদ্বিগ্ন বলিউড। কয়েক বছর ধরেই সালমান খান ও তার পরিবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে একাধিক হুমকি পেয়ে আসছেন। সম্প্রতি সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মার কাছেও ই–মেইলে অর্থ দাবি করে হুমকিবার্তা পাঠানো হয় বলে জানা যায়।  

এমন পরিস্থিতিতে সালমানের পরিবারের কর্ণধারের অসুস্থতা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিকটবর্তী হওয়ায় দ্রুত লীলাবতী হাসপাতালেই তাকে ভর্তি করা হয়। হাসপাতালের বাইরে সালমান খানের সঙ্গে বাড়তি নিরাপত্তাব্যবস্থাও দেখা গেছে।  

বলিউড চলচ্চিত্রে সেলিম খান কিংবদন্তি এক নাম। লেখক জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে সত্তরের দশকে বলিউডে নতুন ধারা সৃষ্টি করেন তিনি। তাদের লেখা ‘শোলে’, ‘দিওয়ার’, ‘ত্রিশূল’-এর মতো সিনেমা আজও ক্ল্যাসিক হিসেবে বিবেচিত। এই জুটির হাত ধরেই বলিউড সিনেমায় ‘অ্যাংরি ইয়াং ম্যান’ চরিত্রের উত্থান, যাকে পর্দায় জনপ্রিয় করে তোলেন অমিতাভ বচ্চন।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়