ঈদে সপরিবারে দেখা দিলেন সালমান, ভক্তদের বাধভাঙা উচ্ছ্বাস
সালমান খানের বাড়ির সামনে ভক্তদের ঢল
সালমান খানের মুম্বাইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনের রাস্তায় দাঁড়িয়ে শত শত ভক্ত-অনুরাগী। প্রিয় তারকাকে দেখে আনন্দে হাত নাড়ছেন, উড়ন্ত চুমু ছুড়ে দিচ্ছেন, চিৎকার করে উচ্ছ্বাস প্রকাশ করছেন। অ্যাপার্টমেন্টের বারান্দায় বুলেটপ্রুফ কাচের ভেতরে দাঁড়িয়ে সালমান খান, তার বাবা সেলিম খান, মা সালমা খান, ভাই সোহেল খান, দুই বোন অর্পিতা, আলভিরাসহ পরিবারের অন্য সদস্যরা। সালমান খানের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।
প্রতিবছরই ঈদের দিন বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভক্তদের ভিড় দেখা যায় আর সেখান থেকে সালমানকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়। ঈদুল ফিতরের দিনও তার ব্যতিক্রম হয়নি। শনিবার (২১ মার্চ) সকাল থেকেই সালমানের আবাসনের বাইরে মানুষের ভিড় দেখা যায়। ভক্তরা তাদের প্রিয় তারকাকে ক্ষণিকের দেখার অপেক্ষায় দূরদূরান্ত থেকে ছুটে আসেন। সালমার খানও বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন, উড়ন্ত চুমু ছুড়ে দেন।
সালমান খান তার ভিডিওর ক্যাপশনে লেখেন, “ঈদ মোবারক, আপনাদের আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ। বাবা বাড়ি ফিরে এসেছেন, ধন্যবাদ।”
সালমান খানের বাবা সেলিম খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে ঈদের কয়েক দিন আগে বাড়ি ফিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এটিই তার প্রথম জনসমক্ষে উপস্থিতি।
সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। কারণ তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়েছিল। তবে চিকিৎসকেরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, যা নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সালমান খানের পরবর্তী সিনেমা ‘মাতৃভূমি’। শুরুতে এ সিনেমার নাম রাখা হয়েছিল ‘ব্যাটল অব গেলওয়ান’। সালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সৈন্যদের বিরোধের উপর ভিত্তি করে তৈরি হয়েছে গল্প। কর্নেল বিকুমা সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে সালমানকে।
ঢাকা/শান্ত