ভয়ে বিদ্যার সঙ্গে ৬ বছর কথা বলেননি অক্ষয়পুত্র
বলিউড তারকা সন্তানেরা নানা কারণে বছর জুড়েই আলোচনায় থাকেন। কিন্তু অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না দম্পতির পুত্র আরাভ কুমার একটু আলাদা। বাবা-মায়ের মতো অধিকাংশ তারকা সন্তানেরা বলিউডে ক্যারিয়ার গড়তে চাইলেও আরাভ ঠিক তার বিপরীত। এবার অক্ষয় কুমার জানালেন, দীর্ঘ ৬ বছর ভয়ে অভিনেত্রী বিদ্যা বালানের সঙ্গে কথা বলেননি তার পুত্র আরাভ।
কয়েক দিন আগে হিন্দুস্তান টাইমসের ‘এইচটি সিটি স্টারস ইন দ্য সিটি’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অক্ষয় কুমার। এক অনুষ্ঠানে এমন তথ্য জানান ‘খিলাড়ি’খ্যাত এই নায়ক।
ঘটনা বর্ণনা করে অক্ষয় কুমার বলেন, “সম্প্রতি আমি আমার ছেলের সঙ্গে কথা বলছিলাম। সে আমাকে বলল, ‘প্রথমবার যখন ‘ভুল ভুলাইয়া’ সিনেমা দেখেছিলাম, তার পরবর্তী ছয় বছর বিদ্যা বালানের সঙ্গে কথা বলতে পারিনি!’ সে বিদ্যাকে ভয় পেত।”
ঘটনা খানিকটা ব্যাখ্যা করে অক্ষয় কুমার বলেন, “বিদ্যা একবার আমাদের বাসায় এসেছিলেন। কিন্তু সে তার সঙ্গে দেখা করতে রাজি হয়নি। এমনকি, তার চোখের দিকেও তাকাতে চাইত না। ছয় বছর ধরে তাকে বুঝিয়েছি—‘বাবা, এটা বিদ্যা বালান। উনি খুব ভালো মানুষ।’ কিন্তু সে বলত, ‘না বাবা, আমি তার সঙ্গে দেখা করতে চাই না।’ সে ভীষণভাবে ভয় পেয়েছিল!”
মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার গল্প নিয়ে নির্মিত হয় ‘ভুল ভুলাইয়া’ সিনেমা। চলচ্চিত্রটির গল্পে বিদ্যাকে দেখে এমন মনে হয় যে, তাকে ভূতে ধরেছে। পুরোনো কোনো বাড়ি থেকে আক্রান্ত হয়েছেন বিদ্যা; যা তাকে তাড়িয়ে বেড়ায়। শেষ পর্যন্ত জানা যায়, বিদ্যা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার রোগে ভুগছেন। এত জটিল একটি চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান এই অভিনেত্রী।
বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’। এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমায় ‘অবনী’ ও ‘মঞ্জুলিকা’ চরিত্র রূপায়ন করেন বিদ্যা বালান। তবে ‘মঞ্জুলিকা’ চরিত্রে অভিনয় করে দারুণভাবে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমা পরিচালনা করেন প্রিয়দর্শন।
তাছাড়াও সিনেমাটিতে অভিনয় করেন—অক্ষয় কুমার, শিনে আহুজা, আমিশা প্যাটেল, মনোজ যোশী, রাজপাল যাদব প্রমুখ। ৩২ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল ৮২ কোটি রুপির বেশি।
২০০১ সালে অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে ঘর বাঁধেন অক্ষয় কুমার। এ দম্পতির প্রথম সন্তান আরাভ কুমারের জন্ম হয় ২০০২ সালে। তিনি বর্তমানে দেশের বাইরে পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ দম্পতির নিতারা কুমার নামে একটি কন্যা সন্তানও রয়েছে। ২০১২ সালে তার জন্ম।
ঢাকা/শান্ত
মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত ২