ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ২৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

২৬ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ১৭ এপ্রিল ২০২৬   আপডেট: ২০:১১, ১৭ এপ্রিল ২০২৬
২৬ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ

:: সংক্ষিপ্ত স্কোর ::
নিউ জিল্যান্ড: ২৪৭/৮ (৫০ ওভারে)
বাংলাদেশ: ২২১/১০ (৪৮.৩ ওভারে)
ফল: নিউ জিল্যান্ড ২৬ রানে জয়ী

নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২৬ রানের হার দিয়ে শুরু করল বাংলাদেশ। আজ শুক্রবার নিউ জিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ৪৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২১ রান করতে পারে বাংলাদেশ।

আরো পড়ুন:

বল হাতে নিউ জিল্যান্ডের ব্লেয়ার টিকনার ১০ ওভারে ৪০ রান দিয়ে ৪টি উইকেট নেন। নাথান স্মিথ ৯.৩ ওভারে ১ মেডেনসহ ৪৫ রান দিয়ে ৩টি উইকেট নেন।

তার আগে নিউ জিল্যান্ডের ইনিংসে হেনরি নিকোলস ৬৮, ডিন ফক্সক্রফট ৫৯ ও উইল ইয়াং ৩০ রান করেন। বল হাতে বাংলাদেশের শরিফুল, রিশাদ ও তাসকিন ২টি করে উইকেট নেন।

সপ্তম উইকেট হারাল বাংলাদেশ:
২০২ রানের মাথায় সপ্তম উইকেট হারাল বাংলাদেশ। টিকনারের বলে বোল্ড হয়ে যান শরিফুল ইসলাম। গোল্ডেন ডাক মেরে ফিরেন শরিফুল। ২৪ বলে জিততে বাংলাদেশের প্রয়োজন ৪১ রান।

২০০ রানের আগে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ:
১৯৪ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ। টিকনারের বলে উইকেটের পেছনে ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে আউট হন মিরাজ। তিনি ৬ রান করেন।

ফিফটি রানের জুটি গড়ে ফিরলেন আফিফ
পঞ্চম উইকেটে ৫২ রানের জুটি গড়ে আউট হয়েছেন আফিফ হোসেন। দলীয় ১৮৪ রানের মাথায় লিনক্সের বলে ৪৯ বলে ২৭ রান করে আউট হন। লং অন দিয়ে মারতে গিয়ে ও’রুরকের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

ফিরলেন লিটন
দলীয় ১৩২ রানের মাথায় চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। ফক্সক্রফটের বলে বোল্ড হয়ে যান লিটন। ৬৮ বলে ৩টি চারে ৪৬ রান করেন তিনি। হৃদয়ের সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন আফিফ হোসেন।

ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি ছুঁলেন সাইফ
ইনিংসের গোড়াপত্তন করতে এসে ফিফটি তুলে নিয়েছেন সাইফ হাসান। ৬০ বলে ৮টি চার ও ১ ছক্কায় ফিফটি পূর্ণ করেন তিনি। এটা তার ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। ২০২৫ সালের অক্টোবরে তিনি ৮০ রানের ইনিংস খেলেছিলেন। এরপর আজ তুলে নিলেন দ্বিতীয় ফিফটি।

লিটন-সাইফ জুটির ফিফটি:
চতুর্থ ওভারে ২১ রানের মাথায় তানজিদ ও নাজমুল ফেরার পর জুটি বাঁধেন সাইফ ও লিটন। তাদের দুজনের ব্যাটে ভর করে ১৮ ওভারে ৮৭ রান তুলেছে। তাদের জুটি হয়েছে ৬৬ রানের। সাইফ ৪৪ ও লিটন ২৯ রানে ব্যাট করছেন।

দুই বলে দুই উইকেট হারাল বাংলাদেশ
নিউ জিল্যান্ডের ছুড়ে দেওয়া ২৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারের প্রথম ও দ্বিতীয় বলে দুটি উইকেট হারাল বাংলাদেশ। ২১ রানের মাথায় নাথান স্মিথের করা প্রথম বলে বোল্ড হন তানজিদ হাসান (২)। পরের বলেই বোল্ড হন নাজমুল হোসেন শান্ত (০)। সাইফ হাসানের সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন লিটন দাস।

বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিল নিউ জিল্যান্ড
নিউ জিল‌্যান্ডকে বেশিদূর যেতে দিল না বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে বোলাররা আটকে রেখেছেন ব‌্যাটসম‌্যানদের। আগে ব‌্যাটিংয়ে নেমে নিউ জিল‌্যান্ড ৮ উইকেটে ২৪৭ রান তুলেছে। বাংলাদেশকে জিততে হলে করতে হবে ২৪৮ রান। 

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম ২টি করে উইকেট করেন। মিরাজ ও নাহিদ পেয়েছেন ১টি করে উইকেট। 

নিউ জিল‌্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন হেনরি নিকোলস। ৫৯ রান আসে ডেন ফক্সক্রফ্টের ব‌্যাট থেকে। এছাড়া উইল ইয়ং ৩০ এবং নাথান স্মিথ ২১* রান করেন। 

দেড়শ রান পেরিয়ে নিউ জিল্যান্ড:
১৩১ রানের মাথায় চতুর্থ উইকেট হারানো নিউ জিল্যান্ড দেড়শ রান পেরিয়েছে। ৩৫ ওভার শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১৬৪। ডিন ফক্সক্রফট ২০ ও মুহাম্মদ আব্বাস ১৪ রানে ব্যাট করছেন।

রিশাদের দ্বিতীয় শিকার নিকোলস
দারুণ খেলতে থাকা নিকোলসকে ফেরালেন রিশাদ। দলীয় ১৩১ রানের মাথায় রিশাদের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হন নিকোলস। ৮৩ বল খেলে ৯টি চারে ৬৮ রান করেন তিনি।

মিরাজের শিকার ল্যাথাম
১২৭ রানের মাথায় তৃতীয় উইকেট হারাল নিউ জিল্যান্ড। এবার মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হলেন অধিনায়ক টম ল্যাথাম। ১৫ বলে ২ চারে ১৪ রান করে যান তিনি।

রিশাদ ফেরালেন ইয়াংকে
বাংলাদেশের জন্য বিপদজনক হয়ে ওঠে জুটি ভাঙলেন রিশাদ। দলীয় ৯৪ রানের মাথায় উইল ইয়াংকে স্লিপে তালুবন্দি করিয়ে ফেরান। তার বলে রিভার্স সুইপ শট খেলতে গিয়ে আউট হন ইয়াং। ৪২ বলে ২ চারে ৩০ রান আসে তার ব্যাট থেকে।

নিকোলস-ইয়াং জুটির ফিফটি
২১ রানের মাথায় কিন কেলি ফিরে যাবার পর নিকোলস ও উইল ইয়াং জুটি বেঁধেছেন। তাদের দুজনের জুটিতে ভর করে ২১ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৪ রান তুলেছে। এই জুটি ইতোমধ্যে দলীয় সংগ্রহে ৭৩ রান যুক্ত করেছে। নিকোলস ৪৮ ও ইয়াং ৩০ রানে ব্যাট করছেন।

সপ্তম ওভারে এসে উইকেটের দেখা পেল বাংলাদেশ। শরিফুল ইসলামের বলে অ্যাক্রোস দ্য লাইন খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে যান নিক কেলি। ২৩ বল খেলে ১ চারে ৭ রান করেন তিনি। নতুন ব্যাটার হিসেবে মাঠে নেমেছেন উইল ইয়াং। তার সঙ্গে আছেন হেনরি নিকোলস।

নিউ জিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিরপুরের শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক টম ল্যাথাম। টস হেরে বাংলাদেশকে শুরুতে ফিল্ডিংয়ে নামতে হচ্ছে।

টস জিতে ব্যাটিং নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ল্যাথাম বলেন, ‘‘উইকেটটি বেশ ভালো মনে হচ্ছে, যদিও কিছুটা শুষ্ক। দিনের ম্যাচ হওয়ায় পরিস্থিতিও ভিন্ন হতে পারে এবং ম্যাচের শেষভাগে পিচ ধীর হয়ে আসার সম্ভাবনা আছে।’’

তিনি আরও বলেন, দলে থাকা ক্রিকেটারদের জন্য এটি নিজেদের প্রমাণের বড় সুযোগ, “আমাদের স্কোয়াডের প্রায় সবাই কোনো না কোনো সময় নিউ জিল্যান্ডের হয়ে খেলেছে। যত বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে, ততই দলের গভীরতা বাড়বে।”

দলের কম্বিনেশন নিয়ে তিনি জানান, তিনজন মূল পেসার, একজন বাঁহাতি বোলার এবং কয়েকজন অলরাউন্ডার নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়া হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস হারলেও ফিল্ডিং করতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, “নতুন উইকেটে আগে বল করতে পারাটা ভালো সুযোগ।” পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে বোলারদের পারফরম্যান্সের প্রশংসা করে মিরাজ জানান, বিশেষ করে পেস বোলিং ইউনিট এখন বেশ শক্তিশালী। পিচ সম্পর্কে তিনি বলেন, “মিরপুরের উইকেট কখনো ব্যাটিং, কখনো বোলিং সহায়ক হয়। আগে থেকে বলা কঠিন। তবে আজকের উইকেট ভালো মনে হচ্ছে। আমরা ভালো বোলিং করতে পারলে ম্যাচে এগিয়ে থাকব।”

পিচ বিশ্লেষণে এইচডি অ্যাকারম্যান জানান, মিরপুরের উইকেটটি আগের চেয়ে কিছুটা ভিন্ন। সাধারণত শুকনো ও ঘাসঢাকা পিচ দেখা গেলেও এবার অনেক পরিশ্রমের ছাপ রয়েছে। উইকেটে ভালো পেস ও বাউন্স থাকবে, যা পেসারদের সহায়তা করতে পারে, তবে খুব বেশি টার্নের সম্ভাবনা নেই। ফলে ব্যাটারদের জন্যও সুবিধাজনক হতে পারে। কারণ বল সহজে ব্যাটে আসবে।

মাঠের এক পাশের বাউন্ডারি তুলনামূলক ছোট- প্রায় ৫৮ মিটার, অন্য পাশ ৬৯ মিটার। এই ১১ মিটারের পার্থক্য কাজে লাগিয়ে ব্যাটাররা বিশেষ করে পাওয়ারপ্লে ও ইনিংসের শেষদিকে ছোট বাউন্ডারির দিকে শট খেলতে পারেন। অ্যাকারম্যান মনে করেন, নিউ জিল্যান্ড আগে ব্যাটিং নিলেও বাংলাদেশ রান তাড়া করতে স্বচ্ছন্দ বোধ করবে। কারণ উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো।

নিউ জিল্যান্ড একাদশ:
হেনরি নিকোলস, উইল ইয়াং, নিক কেলি, ডিন ফক্সক্রফট, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রুরকে, জেডেন লেনক্স।

বাংলাদেশ একাদশ:
সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়