গোপন বিয়ে নিয়ে মুখ খুললেন গায়ক জুবিন
জুবিন নাটিয়াল
বাল্যকালের বান্ধবীকে গোপনে বিয়ে করেছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় প্লেব্যাক গায়ক জুবিন নাটিয়াল। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়। প্রথমে এ নিয়ে ‘স্পিকটি নট’ থাকলেও নীরবতা ভেঙেছেন এই শিল্পী।
ইটিভি ভারতকে সাক্ষাৎকার দিয়েছেন জুবিন। এ আলাপচারিতার বিয়ের কথা স্বীকার করে তিনি বলেন—“হ্যাঁ, আমি গত বছর বিয়ে করেছি।” গোপনে বিয়ে করার কারণ ব্যাখ্যা করে এই তারকা বলেন, “আমি বিয়ের মতো বিষয়গুলো পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই।”
জুবিন উত্তরাখণ্ডের বাসিন্দা। নিজ রাজ্যেই খুবই সাদামাটা ও ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এসব তথ্য স্মরণ করে তিনি বলেন, “উত্তরাখণ্ডে বিয়ে করেছি। খুবই সাধারণ ও সীমিত পরিসরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আমার জীবনসঙ্গীও সোশ্যাল মিডিয়া থেকে অনেক দূরে থাকে। সে আমার শৈশবের বন্ধু। এখনকার দিনে বিয়ে খুব বড় আকারে হয়, তাই আমরা ঠিক করেছিলাম সহজভাবেই করব।”
জুবিনের স্ত্রীর নাম জানানো হয়নি। তবে তার স্ত্রী খুবই সাধারণ জীবনযাপন পছন্দ করেন, প্রচারের আলো থেকে দূরে থাকতে চান। তার সিদ্ধান্তের কারণে বিয়েটাও ছোট পরিসরে হয়েছে। জুবিন বলেন, “এর পেছনে আমার স্ত্রীর সরলতাই কারণ। সে খুব সাধারণ পরিবার থেকে এসেছে, দেরাদুনের একজন সাধারণ মেয়ে, যে আমার শৈশবের বন্ধু। পারিবারিক পরিচয় থেকেই আমাদের বিয়ে হয়েছে।”
শৈশবের বন্ধুত্ব থেকে প্রেম, শেষ পর্যন্ত ‘লাভ-কাম-অ্যারেঞ্জড ম্যারেজ’-এ রূপ নিয়েছে। পুরো অনুষ্ঠানটি ছিল ছোট, ঘনিষ্ঠ পারিবারিক আয়োজন; যা অনেকটা পারিবারিক ডেস্টিনেশন ইভেন্টের মতো।
উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা জুবিন ২০১১ সালে রিয়েলিটি শো ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’ অংশ নেন। সেখান থেকেই লাইমলাইটে আসেন। পরবর্তীতে ‘তুম হি আনা’ (মারজাওয়াঁ), ‘রাতা লম্বিয়াঁ’ (শেরশাহ), ‘তুঝে কিতনা চাহেঁ অউর হাম’ (কবীর সিং), ‘কিন্না সোনা’ (মারজাওয়াঁ), ‘বন্দিয়া’ (জজবা), ‘দিল জানিয়ে’ (খানদানি শফাখানা), ‘প্যায়ার তো থা’ (বালা), ‘সো গয়া ইয়ে জহাঁ’ (বাইপাস রোড), ‘ম্যাঁ জানতা হুঁ’ (দ্য বডি), ‘মেহেরবানি’ (দ্য শওকিনস) এর মতো সুপারহিট গান উপহার দিয়েছেন এই তারকা শিল্পী।
ঢাকা/শান্ত
আজ রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী