ঢাকা     শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৪ ১৪৩৩ || ২৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রেমঘটিত কারণে বাকৃবির দুই হলের শিক্ষার্থীদের হাতাহাতি, মাঝপথেই বন্ধ সাংস্কৃতিক সন্ধ্যা

বাকৃবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ১৭ এপ্রিল ২০২৬   আপডেট: ১৩:০২, ১৭ এপ্রিল ২০২৬
প্রেমঘটিত কারণে বাকৃবির দুই হলের শিক্ষার্থীদের হাতাহাতি, মাঝপথেই বন্ধ সাংস্কৃতিক সন্ধ্যা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের জুনিয়র রিসেপশন ও সাংস্কৃতিক সন্ধ্যা চলাকালে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় অনুষ্ঠানটি মাঝপথেই স্থগিত ঘোষণা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে কৃষি অনুষদের ৬৪তম ও ৬৩তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠান শুরু হয়। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। রাত ৯টার দিকে সাংস্কৃতিক পরিবেশনার মাঝেই হঠাৎ করে দুই গ্রুপ শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

আরো পড়ুন:

সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষি অনুষদের ৬৪তম ব্যাচের এক ছাত্র ও এক ছাত্রীর মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ছিল। একই সময়ে ৬৩তম ব্যাচের পশুপালন অনুষদের এক শিক্ষার্থী ওই ছাত্রীকে বারবার মেসেজ দিয়ে বিরক্ত করছিল বলে অভিযোগ। বিষয়টি মীমাংসার জন্য তারা একত্র হলে প্রথমে কথা কাটাকাটি হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। এই ঘটনার জেরে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হল ও শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে জড়ানোর পরিস্থিতি তৈরি হয়।

এদিকে ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে এমন একটি আয়োজন পণ্ড হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের মতে, একটি সুন্দর অনুষ্ঠান অপ্রয়োজনীয় দ্বন্দ্বের কারণে নষ্ট হয়েছে।

ঘটনার পর প্রক্টরিয়াল বডির সদস্য, আইনশৃঙ্খলা বাহিনী এবং সিনিয়র শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের নিজ নিজ হলে ফিরে যেতে বলা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আবদুল আলীম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রক্টরিয়াল টিম নিয়ে ঘটনাস্থলে যাই। ততক্ষণে জড়িত দুই পক্ষ সরে গেলেও নতুন করে সংঘর্ষের আশঙ্কা ছিল। পরে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয় এবং অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।”

তিনি আরো জানান, ঘটনার ভিডিও তাদের কাছে এসেছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/লিখন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়