নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নোয়াখালীর সদর উপজেলায় ছাত্রদলের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় আওয়ামী লীগ নেতার একটি অফিস ও ছাত্রদলের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. হৃদয়সহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শুল্লুকিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল ও সমাবেশ করে। এর প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেলের নেতৃত্বে সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল। কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সংঘর্ষ চলাকালে শ্রমিকদল নেতা হৃদয়সহ ছয়জন আহত হন। রাত সাড়ে ৮টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের একটি ব্যক্তিগত কার্যালয়ে আগুন ধরিয়ে দেন।
জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল বলেন, “বাঁধেরহাটের কর্মসূচি শেষে ফেরার পথে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় আমাদের তিনজন নেতাকর্মী আহত হয়েছেন এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।”
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, “অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভযোগের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/সুজন/মাসুদ