প্রেক্ষাগৃহে আসছে ‘আতরবিবিলেন’
সংবাদ সম্মেলনের দৃশ্য
দেশীয় চলচ্চিত্রে নতুন গল্প নিয়ে দর্শকের সামনে আসছে ‘আতরবিবিলেন’। টাইমস মিডিয়ার ব্যানারে নির্মিত এ সিনেমা আগামী ১ মে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। মুক্তিকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে জোরালো প্রচার।
এর অংশ হিসেবে রবিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। সেখানে সিনেমাটির অফিসিয়াল ট্রেইলার, গান ও পোস্টার উন্মোচন করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের শিল্পী, নির্মাতা, প্রযোজক ও গণমাধ্যমকর্মীরা।
সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। তারই কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র ‘আতরবিবি’-তে অভিনয় করেছেন ফারজানা সুমি। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন মুস্তফা প্রকাশ, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখ।
নির্মাতা মিজানুর রহমান লাবু জানান, দীর্ঘ সময় ধরে পরিকল্পনা ও যত্নের মধ্য দিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দর্শকরা সিনেমাটি হলে এসে উপভোগ করবেন এবং গল্পের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারবেন।
‘আতরবিবি’ হয়ে ওঠার অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী ফারজানা সুমি জানান, ‘আতরবিবি’ চরিত্রটি তার ক্যারিয়ারে একেবারেই ভিন্ন অভিজ্ঞতা এনে দিয়েছে। চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে তাকে বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে। গত বছরের রোজার মাসে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সিনেমাটির শুটিং শেষ করেন বলেও জানান সুমি।
‘আতরবিবিলেন’-এর গল্পে উঠে এসেছে এক প্রান্তিক নারীর জীবনসংগ্রাম। স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখেও বাস্তবতার কঠিন চাপে বারবার প্রতারিত হয় আতরবিবি। সমাজের ভদ্রবেশী স্বার্থান্বেষী মানুষের বিরুদ্ধে তার লড়াই এবং প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে চলার গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য। এর মাধ্যমে প্রান্তিক নারীদের কঠিন বাস্তবতা ও সংগ্রামের চিত্র ফুটে উঠেছে পর্দায়।
নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশনের পাশাপাশি রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী, গোয়ালন্দ ও ফরিদপুরের বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
ঢাকা/রাহাত/শান্ত