বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দিলেন ৩ হাজার ২৬৩ চিকিৎসক
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নতুন নিয়োগ পাওয়া ৩ হাজার ২৬৩ জন চিকিৎসক সরকারি চাকরিতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন সহকারী ডেন্টাল সার্জন।
এ উপলক্ষে রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, “স্বল্প সময়ে বিপুল সংখ্যক চিকিৎসক নিয়োগ যুগান্তকারী ঘটনা। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পদ সৃজন থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে চিকিৎসকদের চাকরিতে যোগদান নিশ্চিত করা সম্ভব হয়েছে।”
তিনি বলেছেন, “প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নবনিযুক্ত চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাদের মেধা ও মানবিকতার ভিত্তিতে পদায়ন করা হবে।”
পদায়ন প্রসঙ্গে ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, “মানবিক বিষয়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। যেসব স্বামী-স্ত্রী দুজনই চাকরিজীবী, তাদেরকে একই কর্মস্থলে পদায়নে অগ্রাধিকার দেওয়া হবে। যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তাদের ক্ষেত্রেও বিশেষ বিবেচনা করা হবে। পদায়ন হবে মেধাভিত্তিক, তবে সেই মেধার সঙ্গে মানবিক দৃষ্টিভঙ্গিও যুক্ত থাকবে।”
নতুন চিকিৎসকদের নিয়ে আশা ব্যক্ত করে তিনি বলেন, “নির্বাচন প্রক্রিয়া যেহেতু ন্যায্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে, একইভাবে ন্যায্য পদায়নের মাধ্যমে তাদের সংযুক্তি উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।
এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসকদের যোগদান কার্যক্রম পরিদর্শন করেন।
ঢাকা/এএএম/রফিক