ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৬ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নবীন চিকিৎসকদের রাজনীতিতে না জড়ানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ১ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৪৩, ১ মার্চ ২০২৬
নবীন চিকিৎসকদের রাজনীতিতে না জড়ানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

বিএমইউ রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তি হওয়া চিকিৎসকদের ইনডাকশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থমন্ত্রী।

নবীন চিকিৎসকদের রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

রবিবার (১ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তি হওয়া চিকিৎসকদের ইনডাকশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ছাত্র-ছাত্রীদের ৮১ শতাংশ মনে করেন রাজনীতি শিক্ষা গ্রহণে ব্যাঘাত ঘটায়। শিক্ষক-শিক্ষিকাদের অনুরোধ করব, তাদের ওপর পলিটিক্সের চাপ বা ফ্লো দেবেন না। কীভাবে তারা গবেষণায় আরো মনোযোগ দিতে পারে, সেই সুযোগ তৈরি করতে হবে।”

তিনি বলেন, চিকিৎসা পেশায় জানার শেষ নেই। শুধু বই পড়ে নয়, রোগী দেখতে দেখতে, চিকিৎসা করতে করতেই শেখার পরামর্শ দেন মন্ত্রী। চিকিৎসকদের মানবিক হওয়া, ভালো আচরণ করা এবং রোগীদের সঙ্গে হাসিমুখে কথা বলার ওপর জোর দেন স্বাস্থ্যমন্ত্রী।

দেশের অনেক রোগী বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার পেছনে চিকিৎসার পাশাপাশি চিকিৎসকদের আচরণের দায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা এমন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি গাড়িতে পতাকা ব্যবহার করেন না, সচিবালয়ে অফিস করেন, পায়ে হেঁটে অফিসে যান।”

মলিকুলার ল্যাব ও চিকিৎসকদের বাসস্থানের বিষয়ে প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি বিএমইউর ৬৬ একর প্রকল্পের প্রস্তাব নিয়েও কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

ঢাকা/এমএসবি/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়