বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। রোববার করোনা নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটার এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ড মিটারের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩১ লাখ ৬৯ হাজার ৩৯৩ জন। একই সময় মারা গেছেন ১০ লাখ ১৭৫ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। গত ফেব্রুয়ারি থেকে এটি ছড়াতে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে। গত জুনে বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যু দুটির হারই কমতে শুরু করে। তবে আগস্টে অনেক দেশেই নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করে। একে করোনার দ্বিতীয় দফার প্রাদুর্ভাব বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে প্রথম দফার তুলনায় এই দ্বিতীয় দফায় মৃত্যুর হার তুলনামুলকভাবে কম।
ওয়ার্ল্ড মিটারে প্রকাশিত গ্রাফে দেখা গেছে, গত ১৭ এপ্রিলে বিশ্বে এক দিনে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল আট হাজার ৫১৩ জন। সর্বশেষ ২৫ সেপ্টেম্বর এই সংখ্যা ছিল পাঁচ হাজার ৮১৯ জন। করোনায় মৃতের সংখ্যার দিক থেকে এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত দুই লাখ ৯ হাজার ২৩০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তালিকায় এরপরই আছে ব্রাজিল ও ভারত।
ঢাকা/শাহেদ