গাজা শহর ধ্বংস করে দেওয়া হবে: ইসরায়েল
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হামাস যদি নিরস্ত্রীকরণ এবং সমস্ত জিম্মিকে মুক্তি দিতে রাজি না হয় তবে গাজা শহর ধ্বংস করে দেওয়া হবে।
আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিরোধিতা সত্ত্বেও ইসরায়েলি মন্ত্রিসভা গাজা শহরে ব্যাপক আক্রমণের পরিকল্পনা অনুমোদন করার পর ইসরায়েল কাটজের এই মন্তব্য এলো।
সোমবার, হামাস কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীদের ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। হামাস যুদ্ধবিরতির বিনিময়ে তাদের হাতে থাকা বাকি অর্ধেক জিম্মিকে মুক্তি দেওয়ার কথা বলেছে।
কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্টতই এটি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য’ শর্তে অবশিষ্ট সমস্ত জিম্মিকে মুক্তি দেওয়া হলে গাজায় যুদ্ধের অবসানের জন্য আলোচনা শুরু করা হবে।
তিনি বলেছেন, “আমি গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার এবং হামাসকে পরাজিত করার জন্য আইডিএফের (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর) পরিকল্পনা অনুমোদন করতে এসেছি। এই দুটি বিষয় - হামাসকে পরাজিত করা এবং আমাদের সমস্ত জিম্মিদের মুক্তি দেওয়া - একসাথে চলবে।”
নেতানিয়াহুর বার্তাকে আরো জোরদার করে প্রতিরক্ষামন্ত্রী কাটজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বার্তায় বলেছেন, “শিগগিরিই গাজায় হামাসের খুনি এবং ধর্ষকদের মাথার উপর নরকের দরজা খুলে যাবে - যতক্ষণ না তারা যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের শর্তাবলীতে, মূলত সমস্ত জিম্মিকে মুক্তি এবং তাদের নিরস্ত্রীকরণের সাথে একমত হয়। যদি তারা একমত না হয়, তাহলে হামাসের রাজধানী গাজা হয়ে যাবে রাফা ও বেইত হানুনের মতো।”
প্রসঙ্গত, ইসরায়েলি সামরিক অভিযানের পর উভয় শহরই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ঢাকা/শাহেদ
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন