ঢাকা     মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, সব আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৪০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, সব আরোহী নিহত

বিধ্বস্ত এয়ার অ্যাম্বুলেন্স

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা দুই ক্রুসহ সাত আরোহীর সবাই নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝাড়খণ্ডের চাতরা জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) চাতরার ডেপুটি কমিশনার কীর্তিশ্রী বার্তা সংস্থা পিটিআই-কে বলেন, “এয়ার অ্যাম্বুলেন্সে থাকা সাতজনই দুর্ঘটনায় নিহত হয়েছেন। বিমানটি রাঁচি থেকে দিল্লির পথে ছিল।”

আরো পড়ুন:

রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেডের এই বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ডেপুটি কমিশনারের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ বিমানটি নিখোঁজ হয় এবং পরে চাতরা জেলার কাসারিয়া পঞ্চায়েত এলাকার একটি ঘন জঙ্গলে বিধ্বস্ত হয়।

সাব-ডিভিশনাল পুলিশ অফিসার শুভম খন্ডেলওয়াল এনডিটিভিকে জানান, সাতটি দেহই উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- ক্যাপ্টেন বিবেক বিকাশ ভগত, ক্যাপ্টেন সরাজদীপ সিং, সঞ্জয় কুমার, ডক্টর বিকাশ কুমার গুপ্তা, শচীন কুমার মিশ্র, অর্চনা দেবী এবং ধুরু কুমার।

রাঁচির দেবকমল হাসপাতালের সিইও অনন্ত সিনহা জানান, লাতেহার জেলার বাসিন্দা সঞ্জয় কুমারের (৪১) জন্য এই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল। গত ১৬ ফেব্রুয়ারি ৬৫ শতাংশ দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রোগীর এক স্বজন জানান, সড়কপথে যাত্রা করার মতো অবস্থা না থাকায় তারা এয়ার অ্যাম্বুলেন্স বেছে নিয়েছিলেন।

বিজয় কুমার নামের এক আত্মীয় বলেন, “চিকিৎসক আমাদের সতর্ক করেছিলেন যে, সড়কপথে গেলে রোগী মারা যেতে পারেন। তাই আমরা এয়ার অ্যাম্বুলেন্সের সিদ্ধান্ত নিই। পরে খবরে দেখলাম বিমানটি বিধ্বস্ত হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছিল। ঝড়ের মধ্যেই বিকট শব্দে বিমানটি বিধ্বস্ত হয়।

রাঁচি বিমানবন্দরের পরিচালক বিনোদ কুমার জানান, উড্ডয়নের প্রায় ২০ মিনিট পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি বলেন, “প্রতিকূল আবহাওয়া দুর্ঘটনার কারণ হতে পারে, তবে তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।”

ভারতের বিসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, রেডবার্ড এয়ারওয়েজের বিচক্রাফট সি৯০ (ভিটি-এজেভি) বিমানটি (এয়ার অ্যাম্বুলেন্স) রাত ৭টা ৩৪ মিনিটের পর কলকাতার রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বারাণসী থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

বিবৃতিতে আরো বলা হয়, জেলা প্রশাসনের উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো-এর একটি দল পাঠানো হচ্ছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়