ড্রোন হামলায় আবুধাবির জ্বালানি ডিপোতে আগুন
প্রতীকী ছবি
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি জ্বালানি ট্যাংক টার্মিনালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর ফলে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়নি।
স্থানীয় সময় সোমবার (২ মার্চ) আবুধাবি মিডিয়া অফিস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
বিবৃতিতে বলা হয়, “মুসাফাহ জ্বালানি ট্যাংক টার্মিনালে আজ একটি ড্রোন হামলার ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় আবুধাবি কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে।”
বিবৃতিতে আরো বলা হয়, “পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কার্যক্রমের ওপর কোনো প্রভাব পড়েনি।”
রয়টার্স জানায়, আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি মুসাফাহ জ্বালানি ডিপো পরিচালনা করে, যেখান থেকে ট্রাকের মাধ্যমে জ্বালানি পরিবহন করা হয়। এছাড়া ১ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ একটি পাইপলাইন নেটওয়ার্কের মাধ্যমে আবুধাবিজুড়ে পরিশোধিত জ্বালানি বিতরণ করা হয়।
এর আগে ২০২২ সালে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে যুদ্ধের সময় ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীরা এই মুসাফাহ জ্বালানি ডিপোকে লক্ষ্যবস্তু করেছিল।
ঢাকা/ফিরোজ