ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আজারবাইজানে ‘হামলা করেনি’ ইরান, ইসরায়েলের দিকে আঙুল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ৫ মার্চ ২০২৬  
আজারবাইজানে ‘হামলা করেনি’ ইরান, ইসরায়েলের দিকে আঙুল

ইরান জানিয়েছে, আজারবাইজানের নাখচিভান অঞ্চলে ড্রোন হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি টেলিফোনে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তাকে তিনি জানান, নাখচিভান অঞ্চলের ড্রোন হামলার পেছনে তেহরানের কোনো ভূমিকা নেই।

আরো পড়ুন:

তিনি বলেন, ইরান আজারবাইজানের দিকে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র বা ড্রোন নিক্ষেপ করেনি। একই সঙ্গে তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনী ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় তদন্ত ও পর্যালোচনা চালাচ্ছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আরাগচি এই ধরনের হামলার পেছনে ইসরায়েলের সম্ভাব্য ভূমিকার কথাও তুলে ধরেছেন। তার মতে, এই ধরনের হামলার মাধ্যমে ইসরায়েল জনমত বিভ্রান্ত করতে এবং ইরানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর ভালো সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে।

এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছিল, আজারবাইজানের নাখচিভান অঞ্চলের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। একটি ভিডিওতে নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দর ভবন থেকে ধোঁয়া উড়তে এবং অগ্নিনির্বাপক কর্মীদের আগুন নেভাতে দেখা গেছে।

বিমানবন্দরে আঘাত হানার পর বিমানবন্দরের গাড়ি পার্ক থেকে ধারণ করা আরেকটি ভিডিওতে একটি ড্রোন বিধ্বস্ত এবং নিকটবর্তী শাকারাবাদ গ্রামের কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি ড্রোন বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত হানে এবং অন্যটি শাকারাবাদের একটি স্কুল ভবনের কাছে পড়ে। এতে দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

আজারবাইজান এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছিল। এসব ঘটনাপ্রবাহের মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ওই হামলার দায় পুরোপুরি অস্বীকার ইসরায়েলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়