ঢাকা     সোমবার   ০৯ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৪ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ১৪ দিনের পুলিশ হেফাজতে

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ৮ মার্চ ২০২৬   আপডেট: ২২:০৭, ৮ মার্চ ২০২৬
হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ১৪ দিনের পুলিশ হেফাজতে

ফয়সাল করিম মাসুদ ও আলমগীর

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার মূল পরিকল্পনাকারী দুজনকে কলকাতার একটি আদালতে হাজির করা হয়েছে। রবিবার অভিযুক্তদের বিধাননগর আদালতে হাজির করার পরে তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বনগায় আত্মগোপন করেছিলেন এবং সুযোগ বুঝে ফের তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। 

 ৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি বাংলাদেশের পটুয়াখালী এলাকায় এবং ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়। 

নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই শনিবার ও রবিবার মধ্যবর্তী রাতে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে। 

এসটিএফ সূত্রে খবর,  ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন দুজনেই হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। তারা উভয়ই মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিল। সবশেষে তাদের অবস্থান ছিল বনগায়। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাদের স্থানীয় আদালতে তোলা হলে পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় আদালত। নিজেদের হেফাজতে নিয়ে ওই দুই অভিযুক্ত ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় এসটিএফের তদন্তকারী কর্মকর্তারা। পরে আদালত দুজনকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র হাদিকে গুলি করে এবং এতে তিনি গুরুতর আহত হন। ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাদি। 

ঢাকা/সুচরিতা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়