উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার সর্বশেষ পরিস্থিতি
গত ১ মার্চ সংযুক্ত আরব আমিরাতের জায়েদ বন্দরে ইরানি হামলার পর ধোঁয়া উড়ছে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলার জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোসহ আশপাশের এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। খবর আল-জাজিরার।
কাতার
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ বুধবার (১১ মার্চ) সকালে তারা একটি বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।
কাতারের কর্মকর্তাদের দাবি, বর্তমানে তেহরানের সঙ্গে দোহার সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। তারা সতর্ক করে বলেছেন, ইরানের এই হামলাগুলো আঞ্চলিক জ্বালানি অবকাঠামোসহ অন্যান্য ক্ষেত্রে একটি ‘বিপজ্জনক নজির’ সৃষ্টি করছে।
কুয়েত
কুয়েতের ন্যাশনাল গার্ড দেশটিকে লক্ষ্য করে আসা আটটি ড্রোন ভূপাতিত করেছে। তবে একটি ড্রোন বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে আঘাত হানলে দুজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।
সর্বশেষ ড্রোন প্রতিহত করার ঘটনায় নতুন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ ভোরে আকাশসীমা লঙ্ঘনের ঘটনার তদন্ত এখনো চলছে।
ওমান
ওমান সরকার চলমান মাস্কাট আন্তর্জাতিক বইমেলা স্থগিত ঘোষণা করেছে।
গত ১২ ঘণ্টায় ওমানে নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি।
বাহরাইন
দেশটির মানামার অদূরে সিতরা এলাকায় ইরানি হামলায় শিশুসহ ডজনখানিক মানুষ আহত হয়েছেন। ড্রোন হামলার পর ‘মাআমির’ নামক একটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এর আগে, মানামায় একটি আবাসিক ভবনে ড্রোন আঘাত হানলে এক নারী নিহত এবং আরো আটজন গুরুতর আহত হন।
সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা একঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। আরব আমিরাত প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে তারা এক হাজারেও বেশি হামলার শিকার হয়েছে এবং এখন তারা পাল্টা জবাব দেওয়ার পূর্ণ অধিকার রাখে।
সাম্প্রতিক হামলাগুলোতে নতুন কোনো আহতের খবর পাওয়া যায়নি।
সৌদি আরব
সৌদি আরব জানিয়েছে, তারা গুরুত্বপূর্ণ ‘শায়বাহ’ তেলক্ষেত্র লক্ষ্য করে আসা সাতটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এছাড়া দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির ওপর দিয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোও মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।
এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
ঢাকা/ফিরোজ
ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলার ছেড়ে দেবে যুক্তরাষ্ট্র