ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাসে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা : ডিএমপি কমিশনার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ২৯ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাসে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা : ডিএমপি কমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘ঈদ যাত্রায় যাত্রীদের কোনো ধরনের হয়রানি করা চলবে না। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ’

বুধবার দুপুরে গাবতলী টার্মিনালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার বলেন, ‘প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে। ঈদের সময় বাস টার্মিনালে যাত্রীদের বাড়তি চাপ থাকে। বাসগুলো নির্বিঘ্নে ঢাকা ছাড়তে এবং ঢাকায় প্রবেশ করতে টার্মিনালের মুখগুলো ফাঁকা রাখতে হবে। যাত্রী উঠা-নামা হবে টার্মিনালের ভেতরে। কোনো অবস্থাতেই রাস্তায় দাঁড়িয়ে যাত্রী উঠা-নামা করা যাবে না। আমরা টার্মিনালের সীমানাচিহ্ন হলুদ রেখা নির্ধারণ করে দিয়েছি।’

তিনি বলেন, ‘টার্মিনাল থেকে বাসে যাত্রী উঠিয়ে হলুদ রেখা অতিক্রম করলেই সেই গাড়ি দাঁড়িয়ে থাকতে পারবে না। চলে যেতে হবে নিজ গন্তব্যে। পুলিশ-বাস মালিকদের অংশগ্রহণে একটি সমন্বিত কমিটি করে দেওয়া হয়েছে। কমিটির সদস্যরা চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস পরীক্ষা করবেন। যাতে বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় নামতে না পারে। সবার প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা অনেক কমে গেছে। এবার ঈদ যাত্রায় দুর্ঘটনাকে আমরা শূন্যের কোটায় নামিয়ে আনতে চাই। ’

ডিএমপি কমিশনার বলেন, ‘বাস-মালিক সমিতি ও টার্মিনাল কর্তৃপক্ষ বাস টার্মিনাল এলাকায় খাবার বিক্রি করে এমন হকারদের তালিকা তৈরি করুন। যেন হকার বেশে অজ্ঞানপার্টির সদস্যরা এসে ঘুমের ওষুধ খাইয়ে সবকিছু লুট করে নিয়ে যেতে না পারে।’



রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৯/মাকসুদ/সাইফুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়