নিজ বুদ্ধিমত্তায় রক্ষা পেল মেয়েটি
জ্যেষ্ঠ প্রতিবেদক : নিজ বুদ্ধিমত্তায় অল্পের জন্য পাচারকারীদের হাত থেকে রক্ষা পেল ফারাবি হুসাইন নামে এক স্কুলছাত্রী।
শনিরবার রাতে ওই ছাত্রীকে মা-বাবার কাছে তুলে দেয় পুলিশ। ফারাবি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুগদা শাখায় দশম শ্রেণির ছাত্রী।
কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ জোবায়ের রাইজিংবিডিকে বলেন, ‘মেয়েটি সম্ভবত পাচারকারীদের হাতে পড়েছিল। তবে বুদ্ধির জোরে সে বেঁচে গেছে। মেয়েটির বাবা এ বিষয়ে মুগদা থানায় মামলা করেছেন।’
পুলিশ জানায়, শনিবার দুপুরে স্কুলের সামনে দাঁড়িয়ে ছিলো মেয়েটি। এ সময় একদল দুর্বৃত্ত তাকে মাইক্রোবাসে তুলে নেয়। তাকে নেশাজাতীয় কিছু দিয়ে অচেতন করে ফেলে। পরে বিকেল ৪টার দিকে ওই মাইক্রোবাসটি ঢাকা থেকে কেরানীগঞ্জে পৌঁছলে মেয়েটি কৌশলে গাড়ির দরজা খুলে রাস্তায় লাফিয়ে পড়ে দৌঁড়ে পাশের একটি ফলের দোকানে আশ্রয় নেয়। তখনও সে ঠিকমতো কথাও বলতে পারছিল না। শুধু বলছিল, ‘আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে।’ পরে তার সঙ্গে থাকা আইডি কার্ড থেকে জানা যায়, মেয়েটি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা শাখার দশম শ্রেণির ছাত্রী।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে খোঁজ নিয়ে জানা যায়, মেয়েটির বাসা সবুজবাগ থানার বাসাবো এলাকায়। তার বাবার নাম সেরনিয়াবাত সেকান্দার আলী। তিনি একজন আইনজীবী।
ফারাবি জানায়, সকালে পরীক্ষা দিতে সে স্কুলে যায়। পরীক্ষা শেষে স্কুলের সামনে দাঁড়ায়। এ সময় একটি মাইক্রোবাস সামনে এসে থামে। কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে তুলে নেয়। সঙ্গে সঙ্গে অচেতন করে ফেলে। গাড়িতে তার মতো আরো কয়েকজন মেয়ে ছিল।
সে রাইজিংবিডিকে আরো বলে, ‘গাড়িতে তোলার পর মুখে কিছু একটি চেপে ধরা হয়। অর্ধ অচেতন হয়ে পড়ি। তবে মাঝে মাঝে অপহরণকারীদের কথা শুনতে পাই। তারা বোঝার আগেই গাড়ির সুইচ চেপে দরজা খুলে রাস্তায় লাফিয়ে পড়ি। যারা তুলে নিয়ে গিয়েছিল তাদের কাউকে আগে দেখিনি।’
রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৯/মাকসুদ/ইভা
রাইজিংবিডি.কম