ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্ষমা চেয়ে পার পেলেন না মাউশির ডিজি

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৮, ৩১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্ষমা চেয়ে পার পেলেন না মাউশির ডিজি

নিজস্ব প্রতিবেদক : উচ্চ আদালতের আদেশ প্রতিপালন না করায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

ঝিনাইদহের সালেহা বেগম ডিগ্রি কলেজের ১৯ শিক্ষক-কর্মচারীর এমপিও দিতে আদেশ দিয়েছিলেন আদালত। কিন্তু প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক এ আদেশ পালন করেননি।

নিজে হাজির না হয়ে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করায় তা গ্রহণ করেননি আদালত। আগামীকাল তাকে স্বশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।

রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ মিয়া। মাউশির ডিজির পক্ষে ছিলেন আইনজীবী মুশফিক সালেহীন।

এর আগে গত ২১ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুককে তলব করেন হাইকোর্ট। ঝিনাইদহের সালেহা বেগম ডিগ্রি কলেজের ১৯ শিক্ষক-কর্মচারীর এমপিও দিতে উচ্চ আদালতে আদেশ প্রতিপালন না করায় তাকে তলব করা হয়। কিন্তু তিনি তলবাদেশে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু আদালত তা গ্রহণ না করে আগামীকাল হাজির হতে বলেন।

আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ মিয়া জানান, ঝিনাইদহের সালেহা বেগম ডিগি কলেজের ১৯ শিক্ষকের এমপিও দিতে হাইকোর্ট ২০১৭ সালের ১৩ মার্চ রায় দিয়েছিলেন। এর বিরুদ্ধে আপিলের পর ২০১৮ সালের ৬ আগস্ট তা খারিজ হয়ে যায়। এর মধ্যে আদেশ বাস্তবায়ন না করা শিক্ষকরা হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেন। এ আবেদনের পর ১৮ ডিসেম্বর আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। সর্বশেষ ১৬ এপ্রিল তাকে এক সপ্তাহ সময় দেন। তারপরও আদেশ বাস্তবায়ন না করায় আদালত তাকে তলব করেন।


রাইজিংবিডি/ঢাকা/৩১ জুলাই ২০১৯/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়