ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

১৭ কোটি টাকার অবৈধ সম্পদ, লোকমান-সেলিমের বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ২৭ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৭ কোটি টাকার অবৈধ সম্পদ, লোকমান-সেলিমের বিরুদ্ধে মামলা

প্রায় ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া ও অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় ক্যাসিনো ব্যবসার সাথে সম্পৃক্ত লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে ৪ কোটি ৩৪ লাখ টাকার ও সেলিম প্রধানের বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

রোববার সকালে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ পৃথক মামলা দুটি দায়ের করা হয়। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক এনু ও তার দুই সহযোগী এবং তার ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়ার নামে দুটি মামলা হয়।

এছাড়া ২১ অক্টোবর জি কে বিল্ডার্সের স্বত্বাধিকারী কথিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ও তার মা এবং বহিষ্কৃত  যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে ৩০২ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা করে সংস্থাটি।

গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনো বিরোধী অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর পরপরই গত ৩০ সেপ্টেম্বর অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। তার নেতৃত্বে পাঁচ সদস্যের টিম অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। টিমের অপর সদস্যরা হলেন, উপ-পরিচালক মো. জাহাঙ্গির আলম, সালাউদ্দিন আহমেদ, সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরি ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।


ঢাকা/এম এ রহমান/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়