ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নর্থ সাউথের ৪ ট্রাস্টি কারাগারে, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ২৩ মে ২০২২   আপডেট: ১৭:৩৯, ২৩ মে ২০২২

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের মামলায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চার সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। 

এরা হলেন- এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহান।

সোমবার (২৩ মে) বিকেলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন। 

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। যা আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে শেষ করতে হবে বলে আদেশ দেন আদালত।

রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে আগাম জামিন আবেদন করেন এ আসামিরা। জামিন আবেদন খারিজ করে হাইকোর্ট তাদের পুলিশের হাতে তুলে দেন। শাহবাগ থানা পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে তাদের নিম্ন আদালতে হাজির করতে বলা হয়।

এদিন দুপুর পৌনে ২টার দিকে শাহবাগ থানা পুলিশ তাদেরকে আদালতে হাজির করে। তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়েছে। বেলা ৩টার পর তাদের এজলাসে তোলা হয়।

আসামিদের পক্ষে অ্যাডভোকেট শাহিনুর ইসলাম, বোরহানউদ্দিন বয়স্ক, অসুস্থতা, স্ট্যাটাস বিবেচনায় ডিভিশনের আবেদন করেন। তারা বলেন, ‘আসামিরা শিক্ষা, শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বে প্রতিনিধিত্ব করেছেন। তাদের বিরুদ্ধে একটা মামলা হয়েছে। আমরা মামলার মেরিটে যেতে চাই না। আমরা তাদের জামিন আবেদনও করিনি। তবে তারা যেন কারাগারে একটু আরামে থাকতে পারে এজন্য ডিভিশনের আবেদন করছি।’

এরপর দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী আসামিদের একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে চান। আমরা জিজ্ঞাসাবাদের আদেশের প্রার্থনা করছি। প্রার্থনা করছি, আপনি (বিচারক) জিজ্ঞাসাবাদের আদেশ দেবেন।

আসামিপক্ষের আইনজীবী জিজ্ঞাসাবাদের আবেদনের বিরোধিতা না করলেও আদালতকে বলেন, আসামিদের এখন জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করবেন। তদন্ত কর্মকর্তা তথ্য-উপাত্ত জেনে শুনে মামলা করেছেন। এখন আবার জিজ্ঞাসাবাদ কেন?

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। জেলকোড অনুযায়ী ডিভিশনের আদেশ দেন এবং আদেশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে যে কোনো একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

গত ১২ মে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, বোর্ডের চার সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান এবং আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী।

ঢাকা/মামুন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়