গুলশানে তল্লাশির নামে বাসা ভাঙচুর : ৩ আসামি কারাগারে
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৫ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.জিয়াদুর রহমান শুনানি শেষে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর এ আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- শাকিল খন্দকার, জুয়েল খন্দকার ও শাকিল আহম্মেদ। এর মধ্যে জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে পিতা-পুত্র।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. ফরিদ হোসেন তাদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসাম পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধীতা করে।
শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ রাত ১১ টা ৫০ মিনিটে গুলশানে ২ নাম্বার রোডের বাসায় ১৪ থেকে ১৫ জন আকস্মিকভাবে বে-আইনি জনতাবদ্ধভাবে উপস্থিত হয়ে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে। বাসার ২ জন লোককে মারধর করে কী কী আছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। আসামি শাকিল খন্দকার আলমারি ভেঙে একটি স্বর্ণের চেইন, আসামি জুয়েল খন্দকার একটি স্বর্ণের চেইন, শাকিল আহমেদ একটি স্বর্ণের পায়েল, একটি হাতের আংটিসহ মোট ২ ভরি আট আনা স্বর্ণ নেন। যার মূল্য ৩ লাখ টাকা। অন্যান্য আসামিরা আলমারি থেকে জিনিসপত্র ভাংচুর করে মেঝেতে ফেলে দেয়।
এ ঘটনায় ওই বাসার কেয়ারটেকার আব্দুল মান্নান বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন।
ঢাকা/মামুন/রাসেল
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান