যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র নিহত
মেডিকেল প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বখাটেদের ছুরিকাঘাতে মোহাম্মদ মাহিম (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর কাজলা স্কুল গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা মাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাহিমের ভগ্নিপতি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, রাতে মাহিম তার বড় ভাই জয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে কাজলা স্কুল গলির সামনে ১০–১২ জন বখাটে যুবক তাকে ঘিরে ধরে। এরপর বুকে, পিঠে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
তিনি আরও জানান, কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা তারা জানতে পারেননি। মাহিম স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল এবং সেখানে থেকে লেখাপড়া করত। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার বেতাল গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ দ্বীন ইসলাম।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
ঢাকা/বুলবুল/ইভা