ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছি’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫১, ৩০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছি’

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের সামনে চ্যালেঞ্জ ছিলো, আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে ইসি সচিব তার নিজ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এমন কথা বলেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আমি ২০১৭ সালের ৩০ জুলাই এখানে সচিব হিসেবে যোগদান করি। প্রায় দুই বছরের কাছাকাছি সময় আমি এখানে দায়িত্ব পালন করেছি। এখানে কাজ করা অবস্থায় আপনারা সবাই আমাকে যেভাবে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।’

ইসি সচিব বলেন, ‘আমি আসার পরই আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জটি ছিল জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা। আল্লাহর রহমতে এবং সকলের সহযোগিতায় আমরা সেটি করতে সক্ষম হয়েছি।’

ইসি সচিব বলেন, ‘নির্বাচন কমিশনারবৃন্দ যেভাবে নির্দেশনা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, তাদের নির্দেশনা, পরামর্শ এবং তাদের দেখানো পথে এবং আপনাদের সকলের সকলের সহযোগিতায় আমরা জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে পেরেছি।’

তিনি বলেন, ‘দলীয় সরকারের অধীনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন করা এটা কিন্তু নির্বাচন কমিশনের সামনে একটা চ্যালেঞ্জ ছিলো। আপনারা খেয়াল করে দেখবেন অতীতে কেয়ারটেকার সরকারের অধীনে অথবা সামরিক শাসনামলে অথবা রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হয়েছে বটে কিন্তু তাতে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। এমনকি ৭০ সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও কিন্তু সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। প্রথমবারের মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের অধীনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণই করেনি, মিনিমাম ভায়োলেন্সের মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এরপরই চারটি ধাপে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতির হার যত কমই হোক না কেন কিন্তু শান্তিপূর্ণভাবে এ নির্বাচনটা করতে আমরা সক্ষম হয়েছি। এ দুটি বৃহত্তম নির্বাচনে আমাদের চ্যালেঞ্জ ছিলো, আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেছি।’

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে আমরা যদি ইভিএম ব্যবহার করতে পারি, তাহলে নির্বাচন কেন্দ্রীক যে সহিংসতা এবং নির্বাচন কেন্দ্রীক মানুষের মধ্যে যে ভয়ভীতি সেটা অনেকাংশে কমে আসবে। ’



রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৯/হাসিবুল/ইভা  

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়