লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মাছ উৎপাদন
সংসদ প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।
তিনি জানান, ২০১৮-১৯ অর্থবছরে মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৪২ লাখ ২০ হাজার মেট্রিক টন। এর বিপরীতে মোট উৎপাদন হয়েছে ৪২ লাখ ৭৭ হাজার মেট্রিক টন। ২০১৮-১৯ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মাছ উৎপাদন হয়েছে।
রোববার জাতীয় সংসদে আওয়ামী লীগের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর এক লিখিত প্রশ্নের উত্তরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
রোববার সকাল ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন।
আশরাফ আলী খান খসরু বলেন, ‘দেশের জিডিপির ৩ দশমিক ৫৭ শতাংশ এবং কৃষিজ জিডিপির এক চতুর্থাংশের বেশি (২৫.৩০ শতাংশ) মৎস খাতের অবদান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী, দৈনিক মাথাপিছু ৬০ গ্রাম চাহিদার বিপরীতে মাছ গ্রহণের পরিমাণ ৬২ দশমিক ৫৮ গ্রাম।’
অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, রাশিয়া হচ্ছে বাংলাদেশের মৎস্য ও মৎস্যজাত পণ্যের প্রধান আমদানীকারক দেশ।
রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৯/আসাদ/ইভা/শাহনেওয়াজ
রাইজিংবিডি.কম