‘বিতর্কিত’ নির্বাচনে দায়িত্ব পালন: ২২ ডিসির বাধ্যতামূলক অবসর
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
আওয়ামী লীগ আমলে ‘বিতর্কিত’ নির্বাচনে দায়িত্ব পালনকারী ২২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ের সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সিনিয়র সচিব বলেন, ‘‘আমরাই ইতোমধ্যে ৪৩ জনকে (ডিসি) ওএসডি করেছি। যাদের চাকরির বয়স ২৫ বছরের কম, তাদের ওএসডি করা হয়। আর চাকরির বয়স ২৫ বছরের বেশি হলে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি।’’
‘‘আজকে আমরা ২২ জন এরকম যারা ডিসি ছিলেন, এখন সচিব রয়েছেন, তাদের বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে’’ জানান তিনি।
মোখলেস উর রহমান বলেন, ‘‘২০১৪, ২০১৮ ও ২০২৪ এর যে নির্বাচন, সেটাকে আমরা কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এই ৩ সময়ের রিটার্নিং অফিসারদের সহযোগিতায় এই আওয়ামী লীগ সরকার তিন মেয়াদে থাকার কারণে আজকে দুরবস্থায় পড়েছি। তারা (ওই সময়ের ডিসিরা) অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিলেন। কোন একজন ডিসিও বলেনি, আমি প্রতিবাদ করব, আমি রিটার্নিং অফিসার থাকব না, আমি রিজাইন করলাম, কাজ করব না।’’
ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ