অংশগ্রহণমূলক ভোটের পরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে আগ্রহী যুক্তরাজ্য
সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক
যুক্তরাজ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট দেখতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। এ সময় সিইসি এ এম এম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
সারাহ কুক বলেছেন, “আমরা আলোচনার জন্য এসেছিলাম। জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জেনেছি। আগামী সংসদ নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সহায়তা করতে আগ্রহী। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট চাই।”
তিনি বলেন, “ফলপ্রসূ বৈঠক হয়েছে সিইসি ও তার টিমের সঙ্গে। এই মুহূর্তে এখানে তার টিমের সঙ্গে কাজ করাটা একটা সুযোগ।”
আজ আর কোনো প্রশ্ন নয় বলে সাংবাদিকদের অন্যান্য প্রশ্ন এড়িয়ে যান সারাহ কুক। সারাহ কুকের সঙ্গে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক ও শাসনব্যবস্থা দলের প্রধান টিমোথি ডাকেট।
আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের টার্গেট নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে বিদেশি রাষ্ট্র ও সংস্থাগুলো সহায়তার জন্য এগিয়ে আসতে শুরু করেছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এরইমধ্যে ভোটের উপকরণ দিয়ে সহায়তা করেছে।
ঢাকা/হাসান/রফিক
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান