ঢাকা     বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ৪ ফেব্রুয়ারি ২০২৬  
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

ছয় কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

গত ৩ ফেব্রুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

আরো পড়ুন:

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো. সাইফুজ্জামান বর্তমানে লালমনিরহাট গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী (সিভিল) হিসেবে চলতি দায়িত্বে নিয়োজিত। তবে তিনি যখন ঢাকা গণপূর্ত বিভাগ-৪-এ কর্মরত ছিলেন, তখন ‘বাংলাদেশ সুপ্রীম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে'র মূলধন অংশের ‘অনাবাসিক ভবন' খাতে অনিয়ম সংঘটন করেন। তিনি ওই প্রকল্পের সিভিল কাজের (ডব্লিউ-১) প্যাকেজটি ডিপিপি, আরডিপিপি বা এইচওপিই-এর অনুমোদন ছাড়াই বিধি-বর্হিভূতভাবে এবং ক্ষমতার অপব্যবহার করে একটি প্যাকেজকে আটটি প্যাকেজে বিভক্ত করেন। পরবর্তীতে ইজিপির মাধ্যমে টেন্ডার আহ্বান করে ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা খরচ করেন।

তদন্তে দেখা গেছে, বিভাজিত ওই আটটি প্যাকেজের কাজের বিপরীতে তার দায়িত্ব পালনকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে বিল প্রদান করা হলেও বাস্তবে কোনো কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। মূলত (ডব্লিউ-১) প্যাকেজ বাস্তবায়নের জন্য নিয়োজিত মূল ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিইএল (ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড) ব্যতীত অন্য আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ২০২৩-২০২৪ অর্থবছরে এই টাকা ব্যয় দেখানো হয়েছে এবং কাজ ব্যতিরেকেই বিল পরিশোধ করা হয়েছে। প্রজ্ঞাপনে একে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অনিয়মের অভিযোগে মো. সাইফুজ্জামানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন)-এর ধারা ৩৯(১) অনুযায়ী ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ হতে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো জানানো হয়েছে, সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ বা খোরাকী ভাতা প্রাপ্য হবেন।

ঢাকা/এএএমএসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়