ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দলে দলে ভোটকেন্দ্রে আসুন, ভোট উৎসবে শামিল হোন: নাহিদ ইসলাম 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬  
দলে দলে ভোটকেন্দ্রে আসুন, ভোট উৎসবে শামিল হোন: নাহিদ ইসলাম 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়েছে। দলে দলে ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, “১৬ বছর পর আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছি। এই ভোট শুধু সরকার পরিবর্তনের নয়, এটি রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার ভোট।”

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় নিজের ভেরিফাইড ফেসবুক‌ পেজে এক পোস্টে তিনি এ কথা লিখেন।

নাহিদ ইসলাম লিখেন, “দলে দলে ভোটকেন্দ্রে আসুন। ভোট উৎসবে শামিল হোন। আপনার উপস্থিতিই সবচেয়ে বড় শক্তি। শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণই পরিবর্তনের চাবিকাঠি। এবারের ভোট হোক গণঅভ্যুত্থানের আকাঙ্খার পক্ষে। এবারের ভোট হোক নতুন বাংলাদেশের পক্ষে।”

ন্যায়, মর্যাদা ও গণতান্ত্রিক সংস্কারের পক্ষে গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, “তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনারেশন জেড আপনারাই আগামী বাংলাদেশের নির্মাতা। আপনারা ভোটার হলে অবশ্যই ভোট দিন। ভোটার না হলেও গণতন্ত্রের এই উৎসব প্রত্যক্ষ করুন, সচেতন থাকুন, পরিবার-পরিজনকে ভোটকেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করুন।”

তিনি আরো লেখেন, "ভোটকেন্দ্রে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করা সবার দায়িত্ব। যেকোনো অনিয়মের চেষ্টা হলে আইনসম্মত ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন। গণতন্ত্র রক্ষায় সাহসী হোন, কিন্তু ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখুন। আমরা প্রশাসনের নিরপেক্ষতা প্রত্যাশা করি। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে এই বিশ্বাস রাখি। মিডিয়া সত্য তুলে ধরবে এই প্রত্যাশা করি।”

শাপলা কলি ও দাড়িপাল্লায় ভোট চেয়ে এনসিপি'র আহ্বায়ক লেখেন, “শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। জনগণ নিজের মালিকানা বুঝে নিক। আজ ভোট দিন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন।”

ঢাকা/রায়হান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়