ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোট দিয়ে উচ্ছ্বসিত নতুন ভোটাররা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৫৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোট দিয়ে উচ্ছ্বসিত নতুন ভোটাররা

প্রায় দেড় যুগ পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রাজধানীর ঢাকা-৬ আসনের ভোটাররা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এর মধ্যে প্রথম ভোটার হিসেবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেন শিক্ষার্থী আফিয়া জান্নাত।

আরো পড়ুন:

ভোট দেওয়ার পর তিনি বলেন, জীবনে প্রথমবার ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। মনে হচ্ছে, আমি সত্যিই দেশের একজন নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছি। জুলাইয়ের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছি। এতদিন শুধু খবরেই ভোটের কথা দেখেছি, আজ নিজে ভোট দিতে পারলাম, এটা ভাষায় বোঝানো যাবে না।

তিনি আরো বলেন, ভোটকেন্দ্রের পরিবেশ শান্ত ছিল। কোনো বাধা বা ভয় ছিল না। এমন একটি জাতীয় নির্বাচন দেখতে পেয়ে আশা করছি, আমাদের মতামতের মূল্য দেওয়া হবে।

একই কেন্দ্রে ভোট দিতে আসা আরেক নতুন ভোটার কলেজছাত্রী তানিয়া রহমান বলেন, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, এটাই সবচেয়ে বড় বিষয়। আমরা চাই আমাদের ভোট যেন সত্যিকার অর্থে গণনায় আসে। সকালে কেন্দ্রে এসে ভালো পরিবেশ পেয়েছি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ভোট দেওয়ার মধ্য দিয়ে আমরা পরিবর্তনের আশা করছি। তরুণদের অংশগ্রহণ বাড়লে দেশ এগিয়ে যাবে।

আরেক ভোটার, গৃহিণী শিউলি আক্তার বলেন, উপযুক্ত পরিবেশ না থাকায় আমি গত নির্বাচনে ভোট দিতে পারিনি। আজ ভোট দিতে এসে এক ধরনের স্বস্তি অনুভব করছি। এতদিন পর মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে এটাই বড় প্রাপ্তি।

তিনি আরো বলেন, নারী ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো। সবাই শান্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে।

সকাল থেকে কেন্দ্রের ভেতরে ও বাইরে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। নারী ও পুরুষ ভোটারদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি আনসার সদস্যরা কেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোট কেন্দ্রে দায়িত্বপালনকারী পুলিশের উপ পরিদর্শক সরোয়ার হোসেন বলেন, ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি নির্বাচন প্রক্রিয়াকে আরো শক্তিশালী করবে। ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে যে আগ্রহ দেখা যাচ্ছে, তা গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

সহকারী প্রিসাডিং অফিসার মো. মোবারক হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে, সবাই যার যার ইচ্ছামতো পছন্দের মার্কায় ভোট দিচ্ছে। আশা করি সারা দিন এভাবে ভোটগ্রহণ হবে।

ঢাকা/আসাদ/নাজমুল/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়