ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রবাসীদের ভোটার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৯, ৩ মার্চ ২০২৬   আপডেট: ১৯:৫০, ৩ মার্চ ২০২৬
প্রবাসীদের ভোটার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির

প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধনের ঝুলে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততার মধ্যে পেন্ডিং থাকা আবেদনগুলোর স্থানীয় তদন্ত দ্রুত শেষ করে নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বলা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

আরো পড়ুন:

চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ের কর্মকর্তারা ব্যস্ত থাকায় প্রবাসীদের অনেক আবেদন তদন্তাধীন অবস্থায় পড়ে আছে। এসব আবেদন দ্রুত নিষ্পত্তি করতে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বর্তমানে বিভিন্ন হাইকমিশন, দূতাবাস, কনস্যুলেট ও মিশন অফিসে প্রবাসী বাংলাদেশিদের বায়োমেট্রিক কার্যক্রম চলছে। সেখানে বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তির স্থানীয় তদন্ত কার্যক্রম সম্পন্ন করে উপজেলা ও থানা নির্বাচন অফিস।তবে নির্বাচনি কাজে ব্যস্ততার কারণে এ প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

ইসি কর্মকর্তারা জানান, প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম আরো সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ৪০টি দেশে এ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিতে ১১টি দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু হয়েছে। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান ও যুক্তরাষ্ট্র।

ঢাকা/এমএসবি/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়